Blog

  • সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার দাবিতে কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

    সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার দাবিতে কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

    কাউখালী প্রতিনিধি।

    সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ ও দেশের সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে পিরোজপুরের কাউখালীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। “সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ করি, সকল নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করি , এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
    সংগঠনের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবি, সিনিয়র সাংবাদিক নুরুল হুদা বাবু, নারী নেত্রী প্রভাতী মৃধা, মৌমিতা সাহা, ছায়া সমদ্দার প্রমুখ।

    বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি বজায় রাখা এবং মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
    সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, আমাদের দেশের মূল শক্তি হলো অসাম্প্রদায়িক চেতনা ও সর্বজনীন মানবাধিকার। কিন্তু ইদানীং কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আজকের মানববন্ধনের মূল বার্তা একটাই যেকোনো মূল্যে সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ করতে হবে এবং দল-মত-ধর্ম নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

  • সাংবাদিক আসাদ সবুজের জামিন

    সাংবাদিক আসাদ সবুজের জামিন

    News 52 bangla.

    বরগুনা, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ খ্রী: বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির কথিত মামলায় দৈনিক কালবেলা প্রতিনিধি আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানি শেষে আসাদ সবুজের জামিন মঞ্জুর করেন।

    এদিকে, গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরানোর ঘটনায় জড়িত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত টিমের তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বরগুনা জেলা পুলিশ জানিয়েছে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৩ অক্টোবর বরগুনায় উপস্থিত হয়ে সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তা, অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তোলেন। এ ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগের পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

    আসাদ সবুজের পক্ষে তিন দফা জামিন আবেদন করা হয়। গত রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন জানালে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার ৬ অক্টোবর ধার্য করেন। আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

    মামলার শুনানিতে এ্যাডভোকেট এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে এডভোকেট মোস্তফা কাদের ও এডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন।

    আসাদ সবুজের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং জামিন সম্পর্কে বুধবার দুপুরে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, অনেকে চেয়েছিলেন আসাদ সবুজ আজীবন কারাবন্দী থাকুক। সবুজের সততা আর প্রতিবাদী আচরণই ছিল তাদের প্রধান সমস্যা। আজ জামিন লাভের মধ্য দিয়ে প্রাথমিক বিজয় অর্জন হলো। এ বিজয়ের পুরো অর্জন গোটা দেশের সাংবাদিকদের যারা সবুজের পক্ষে ছিলেন। আসাদ সবুজকে সাজানো মামলার নাটক থেকে অব্যহতির পরে চুড়ান্ত বিজয় দেখবে গোটা বাংলাদেশ। তিনি আসাদ সবুজের নি:শর্ত মুক্তি আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    এদিকে পুলিশ সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের নামে যে অমানবিক নিপীড়ন চালিয়েছেন, যা গোটা দেশের সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করেছে। এ ঘটনার পর সংগঠনের একটি টিম বরগুনায় যান এবং মামলার ঘটনা সম্পর্কিত জমিজমা এবং ভুক্তভোগীদের সাথে কথা বলা হয়। সরেজমিনে দেখা যায় এলাকার বেশ কয়েকটি হিন্দু পরিবারের কয়েক কোটি টাকার জমি দখলের প্রাথমিক প্রস্তুতি হিসেবে এ মামলাটি সাজানো হয়েছিল।

    উল্লেখ্য গত ১ অক্টোবর রাতে ভূমিদস্যু সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে বরগুনার পুলিশ। এ মামলায় আরো ১৩জন আসামি রয়েছে। এতে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন ভূমিদস্যু সুভাষ ঘোষের ভাই স্বপন কুমার ঘোষ।

     

  • কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

    সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন নেছারাবাদ ঝালকাঠি কমপ্লেক্সের মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীন  মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী।

    মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ মাগরিব রাঙামাটির কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহী শাহী জামে মসজিদে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী বলেন, “ইমাম ও আকিদা যার যার হলেও আমরা সবাই মুসলমান। আমরা এক আল্লাহর সৃষ্টি এবং আমাদের রাসুল এক। তাই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কাজ করতে হবে।”

    সম্মেলনে অন্যান্য বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামের বিধান ও শরিয়াহ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে ঈমান, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    ইসলামী সম্মেলনে ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার

    বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার

    News 52 Bangla.

    বরগুনা, বুৃধবার, ৬ অক্টোবর, ২০২৬ খ্রী: বরগুনায় এক কোটি টাকার চাঁদাবাজির কথিত মামলায় কালবেলা প্রতিনিধি আসাদ সবুজকে গ্রেফতারের নামে হ্যান্ডকাফ কান্ডে জড়িত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এদিকে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য থাকলেও তা বাদীর সামনে শুনানির জন্য আগামীকাল বুধবার পুনরায় ধার্য করেছেন আদালত।

    এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৩ অক্টোবর বরগুনায় উপস্থিত হয়ে সাংবাদিক আসাদ সবুজের হাতে হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তা, অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এ ঘটনায় পুলিশ সুপারের নিকট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়ে বুধবার এস আই হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

    বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা তিন সদস্যের তদন্ত কমিটি করেন এবং ৩–৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। তদন্তে দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

    গত রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন জানালে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার ৬ অক্টোবর ধার্য করেন। আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

    মামলার শুনানিতে এ্যাডভোকেট এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে এডভোকেট মোস্তফা কাদের ও এডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন।

    এ সম্পর্কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, পুলিশ সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের নামে যে অমানবিক নিপীড়ন চালিয়েছেন যা গোটা দেশের সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করেছে।

    এ ঘটনার পর সংগঠনের একটি টিম বরগুনায় যান এবং মামলার ঘটনা সম্পর্কিত জমিজমা এবং ভুক্তভোগীদের সাথে কথা বলা হয়। সরেজমিনে দেখা যায় এলাকার বেশ কয়েকটি হিন্দু পরিবারের কয়েক কোটি টাকার জমি দখলের প্রাথমিক প্রস্তুতি হিসেবে এ মামলাটি সাজানো হয়েছে।

    উল্লেখ্য গত ১ অক্টোবর রাতে ভূমিদস্যু সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় আরো ১৩জন আসামি রয়েছে। এতে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

  • কাপ্তাই নতুন  বাজার হতে ইয়াবাসহ আটক-১

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই নতুন বাজার রাজধানী ক্লাবের সামনে থেকে ইয়াবাসহ মোঃ আবুল কাশেম(২৯)কে আটক করেছে পুলিশ।

    সোমবার সকাল ১০টায় আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই  পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে   এএসআই মামুন মিয়া, এএসআই পরীক্ষিত দেবনাথ  ফোর্সের সহায়তায় আট পিচ ইয়াবাসহ আসামি-মোঃ কাশেম (২৯)কে আটক করা হয়।আসামি কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড কেপিএম টিলার  মোঃ সাত্তার ছেলে।

    এছাড়া একসপ্তাহ পূর্বে ১৭লিটার মদসহ আব্দুল শুক্কুর নামে আরও একজনকে আটক রাঙামাটি আদালতে নিয়মিত সোপর্দ করা হয়েছে।এবং এদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।

  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা 

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার  সকাল ১১ টায় কাপ্তাই  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে  এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে  সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৩৮ বীরের প্রতিনিধি ক্যাপ্টেন শামসির আরেফিন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার  উপপরিদর্শক দূর্জয় সরকারসহ উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    সভায় বক্তব্য দেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।

  • কাউখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

    কাউখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

    পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    ওই এলাকার মরহুম কেরামত আলীর স্ত্রী ও তার বাবার নাম আফজাল হোসেন ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিনতে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে বাড়ির পেছনের দিকে গিয়ে ঘরের ভেতরে খাটের ওপর তার  লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও এলোমেলো অবস্থায় ছিল।

    স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল ও কাউখালী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিআইডির কারিগরি দল অপরাধের আলামত সংগ্রহ করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া ও মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী

    বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী

    News 52 bangla.

    বরগুনা, শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ খ্রী: দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার,নিঃশর্ত মুক্তি এবং গ্রেফতারের নামে তার সাথে সংগঠিত অমানবিক জুলুমের সুষ্ঠু তদন্ত,দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ঘোষণা দেওয়া হয়েছে।

    কথিত চাঁদাবাজির মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের নামে হেনস্তা, অমানবিক আচরণের ঘটনায় পুলিশ সুপার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এ কমিটি আগামী ৩-৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। এ প্রতিবেদন পাওয়ার পর দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বস্ত করেন। একই সাথে সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান।
    এদিকে যে ভূমি সংক্রান্ত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে চাঁদাবাজি মামলার শিকার হয়েছেন সেই বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে জানান পুলিশ সুপার।

    শনিবার বিকেলে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে বৈঠক শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেস ক্লাব সভাপতি হাফিজুর রহমান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান, যুগ্ম সম্পাদক আমির হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, জামাল হোসেন খান, দানিসুর রহমান লিমন, বেতাগী শাখার সভাপতি হাসান সিকদার, দুমকি শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মামুন, বরগুনা জেলা শাখার সদস্য আসাদ তালুকদার, রাসেল সিকদার, প্রেস ক্লাব সদস্য কাশেম হাওলাদার প্রমূখ।

    নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্রের নামে গণমাধ্যম নিধন চলছে। বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের ওপর নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি করা হচ্ছে। মনে রাখা উচিত গণমাধ্যম না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না। তাই দেশের বৃহৎ স্বার্থে গণমাধ্যম বাঁচাতে রাষ্ট্রকে এখনই উদ্যোগী ভূমিকা পালন করা উচিত। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সবসময়ই গণমাধ্যমকে রাষ্ট্র যন্ত্র থেকে পৃথক করতে চায়। এরা দূর্ণীতিবাজ, লুটপাটকারী এরা রাষ্ট্রের মঙ্গল চায় না। এরাই গণমাধ্যম এবং সাংবাদিকদের পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। এসব বন্ধ করে সাংবাদিকদের নির্বিঘ্নে তার পেশাগত দায়িত্ব পালণ করতে দিতে হবে। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

    মামলাটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরগুনা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোস্তফা কাদের।
    আগামীকাল রবিবার বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানি হবে।

  • সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

    সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

    কাপ্তাই প্রতিনিধি। 

    আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটি  কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন  শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

    সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মদ, সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহসভাপতি মো. আবুল হাসেম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু,যুগ্ন আহবায়ক সুমন মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিক, ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল এবং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা কাপ্তাই উপজেলা সদরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে বিগত সরকারের সময়ে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।

    কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Untitled post 4591

    কাপ্তাই প্রতিনিধি। 

    টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

    মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে ‘এসডিজি স্থানীয়করণে অংশীজনদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা প্রশাসন।জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, এসডিজি ভিলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রামের মানুষের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ এবং ঋণ সহায়তার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তুলতে হবে। শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে হবে। মিতিঙ্গাছড়িতে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজের সমন্বয়ক মো. মনজুরুল হক।সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সমাজসেবা অধিদপ্তর রাঙামাটির উপপরিচালক ও এসডিজি জেলা কমিটির সদস্যসচিব মো. ফরিদুল আলম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, কাপ্তাইয়ের সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন উপস্থিত ছিলেন।এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা সভায় অংশ নেন।মতবিনিময় সভায় গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল মান্নান, ইসরাত জাহান পারুল, শিক্ষার্থী ফারহানা আক্তার ও বেকার যুবক মো. ইব্রাহীম স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা, গ্যাস-সংকট সমাধান, শিল্পকারখানা স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।গ্রামবাসীর উত্থাপিত সমস্যার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে বক্তব্য দেন।সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম, এসডিজি ভিলেজের তথ্য সংগ্রহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার কাপ্তাই উপজেলা সমন্বয়ক মায়া চাকমা।সভায় মিতিঙ্গাছড়ি গ্রামের এসডিজি সূচকগুলোর বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের চাহিদা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তর, এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামের উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং এসডিজির লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।এর আগে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এসডিজিবিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে উন্নয়নের মডেল হিসেবে গত ১০ আগস্ট দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়। এসব গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।