Category: রাজশাহী বিভাগ

  • বিএমএসএফের উদ্যোগে শাহজাদপুরে কম্বল বিতরণ

    বিএমএসএফের উদ্যোগে শাহজাদপুরে কম্বল বিতরণ

    শাহজাদপুর প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ জানুয়ারি গভীর রাতে পত্রিকার হকার ও অসহায়ের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

    সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচির আওতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

    রবিবার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন রাজা ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ এ সকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে সাংবাদিকরা শুধু সংবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না, সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য তাদেরও দায়বদ্ধতা রয়েছে। তাই এ সংগঠনের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচীর আওতায় এ উদ্যোগ গ্রহন করা হয়। পর্যায়ক্রমে রংপুর অঞ্চলের কিছু সাংবাদিক, পত্রিকার হকার ও অসহায়ের মাঝে আরও কিছু কম্বল বিতরণ করা হবে। সংগঠনটির সদস্য ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ বছর সাধ্যমত এ কর্মসূচী চালু করা হয়েছে।

    ইতিপূর্বে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচীর আওতায় এ সংগঠন খাদ্য ও পোশাক সংগ্রহ করে অতি বন্যায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লার সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছিল।

  • শাহজাদপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    শাহজাদপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি হাজী অ্যাডভোকেট আব্দুল খালেক, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীমা আক্তার, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন।
    এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, পোরজনা এম.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ারেছ আলী, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. শামীম হোসেন, মশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহির উদ্দিন, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা বৃদ্ধি করে। ভবিষ্যতে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও জোরদার করতে হবে।

    অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

  • শাহজাদপুরে নবজাতক হত্যার মর্মান্তিক ঘটনা: গলা কেটে টয়লেটে লুকিয়ে রেখে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা

    শাহজাদপুরে নবজাতক হত্যার মর্মান্তিক ঘটনা: গলা কেটে টয়লেটে লুকিয়ে রেখে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা

    মোঃ মঈনউদ্দীন মিঠু  ,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নৃশংস ও হৃদয়বিদারক ঘটনায় নবজাতক কন্যাশিশুকে জন্মের পরই গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও নানির বিরুদ্ধে। হত্যার পর শিশুটির লাশ টয়লেটে লুকিয়ে রাখা হয় এবং পরদিন মাটিচাপা দেওয়ার সময় ঘটনাটি প্রকাশ্যে আসে।

    ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করীম মণ্ডলের প্রায় এক বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনের ছয় মাসের মাথায় পারিবারিক কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর জান্নাতুল ফেরদৌস বাবার বাড়িতে চলে আসেন।
    এদিকে করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী পরকীয়া সম্পর্কের ঘটনায় গত ২৭ অক্টোবর গ্যাস ট্যাবলেট খাইয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, বিচ্ছেদের পর জান্নাতুল ফেরদৌস করীম মণ্ডলের সন্তানের গর্ভধারণ করলেও বিষয়টি পরিবার গোপন রাখে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে জান্নাতুল ফেরদৌস কন্যাসন্তান প্রসব করেন। অভিযোগ অনুযায়ী, সন্তান জন্মের পরপরই জান্নাতুল ফেরদৌস ও তার মা মিলে নবজাতকের গলা কেটে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেন। পরদিন ৩১ ডিসেম্বর ভোরে বাড়ির পেছনে লাশ মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খোঁড়ার সময় প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

    করীম মণ্ডলের পরিবারের সদস্যরা, মা নাজমা বেগম, বাবা নবী মণ্ডল ও বোনজামাই মো. রমজান আলী বলেন, বিচ্ছেদের পরও জান্নাতুল ফেরদৌসের গর্ভে থাকা সন্তানটি ছিল করীম মণ্ডলের একমাত্র স্মৃতি। জন্মের সঙ্গে সঙ্গেই শিশুটিকে হত্যা করে সেই শেষ স্মৃতিটুকুও নির্মমভাবে মুছে ফেলা হয়েছে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

  • সিরাজগঞ্জের ছয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    সিরাজগঞ্জের ছয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলায় মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ৫৭ জন প্রার্থী।
    মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার জেলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

    সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদর উপজেলার একাংশ) থেকে ৯ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ৭ জন।
    সিরাজগঞ্জ-২ আসন (সদর ও কামারখন্দ) থেকে মনোনয়নপত্র উত্তোলনকারী ৭ জনের সবাই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
    সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ ও তাড়াশ) থেকে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ৫ জন।
    সিরাজগঞ্জ-৪ আসন (উল্লাপাড়া) থেকে ৮ জনের মধ্যে ৬ জন মনোনয়নপত্র জমা দেন।
    সিরাজগঞ্জ-৫ আসন (বেলকুচি ও চৌহালী) থেকে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করে ৭ জন দাখিল করেছেন।
    সিরাজগঞ্জ-৬ আসন (শাহজাদপুর) থেকে সর্বাধিক ১৭ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী।

    জেলা নির্বাচন অফিসার মোঃ আমিনুর রহমান মিঞা জানান, সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলনকারী ৫৭ জনের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

  • শাহজাদপুরে সুশাসন ও উন্নয়নের রূপকার হয়ে উঠেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান

    শাহজাদপুরে সুশাসন ও উন্নয়নের রূপকার হয়ে উঠেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি।

    পৃথিবীতে প্রতিটি সফল মানুষের পেছনে কিছু গল্প থাকে। আর সে সব গল্প থেকে মানুষ খুজে নেয় স্বপ্ন দেখার সাহস, তা অর্জনের পথ ও এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। “একজন সফল ও ভালো মানুষের গল্প” বলতে সাধারণত এমন মানুষের কথা বোঝায়, যারা তাদের জীবনে সততা, দয়া, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে। এমনই একজন মানুষ হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসা মোঃ কামরুজ্জামান।

    দায়িত্বশীলতা, পরিকল্পনাগত দক্ষতা ও মানবিক আচরণের সমন্বয়ে গত দুই বছরে শাহজাদপুর উপজেলাকে উন্নয়ন ও সেবার নতুন ধারায় নিয়ে গেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বচ্ছতা, নান্দনিকতা, জনসেবা ও প্রশাসনিক শৃঙ্খলা, সব ক্ষেত্রে প্রশংসনীয় সাফল্য রেখে চলেছেন।

    উপজেলা পরিষদে আধুনিকায়ন ও নান্দনিক রূপায়ন :

    দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান সর্বপ্রথম দৃষ্টি দেন উপজেলা পরিষদের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশগত সৌন্দর্যে। তাঁর উদ্যোগে,

    ১. উপজেলা পরিষদের পুকুরে সৌন্দর্যবর্ধন ও পরিপূর্ণ সংস্কার।

    ২. উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ আধুনিকায়ন।

    ৩. পরিষদের হল রুম, বারান্দা ও কর্মকর্তাদের কক্ষে টাইলসকরণ।

    ৪. সেবা-প্রার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুসংগঠিত গ্যারেজ সংস্কার।

    ৫. দীর্ঘদিনের পরিত্যক্ত অফিসার্স ক্লাব সংস্কার ও আধুনিকায়ন।

    এসব কাজ উপজেলার প্রশাসনিক পরিসরে এক নতুন নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছে।

    ইতিহাস সংরক্ষণে অ্যান্টিক গাড়ির পুনর্জাগরণ :

    ১৯৮২ থেকে ২০০৭ সাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহৃত পুরোনো মিতসুবিশি জিপটি ২০০৮ সালের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ইউএনও কামরুজ্জামান ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ২০২৫ সালে গাড়িটি সংস্কার করে অ্যান্টিক রূপে সংরক্ষণের সিদ্ধান্ত নেন।

    গাড়িটি এখন উপজেলা প্রশাসনের বিভিন্ন সময়ের স্মৃতি বহনকারী এক ঐতিহাসিক নিদর্শন। এটিকে প্রদর্শনের জন্য একটি মিনি-মিউজিয়াম নির্মাণের কাজও চলমান।

    পৌরসভার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ :

    উপজেলা ও পৌর এলাকায় জনসেবা নিশ্চিত করতে বাস্তবায়ন করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ,

    ১. শাহজাদপুর পৌর শিশু পার্ক নির্মাণ, ভবিষ্যতে সম্প্রসারণ পরিকল্পনা।

    ২. দিলরুবা বাসস্ট্যান্ডে সুদৃশ্য স্বাগত ফলক নির্মাণ।

    ৩. পৌরসভার পুরো এলাকাকে সিসিটিভি নজরদারির আওতায় আনা।

    ৪. পৌরসভার রাস্তা সংস্কার ও যানজট নিরসনে দাবারিয়া বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়াধীন।

    প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা :

    গত দুই বছরে এডিপি তহবিল ব্যবহারে তিনি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছেন। এ সময়ে যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক প্রকল্প বাস্তবায়িত হয়।
    টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে অনিয়ম বন্ধে মাটির কাজের পরিবর্তে পাকা কাজের প্রচলন জনমনে বিশেষ প্রশংসা অর্জন করেছে।

    আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর ভূমিকা :

    ১. নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে, প্রায় ২১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর শাস্তি।

    ২. ভোক্তা অধিকার আইন, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন কঠোরভাবে প্রয়োগ।

    ৩. বাজারে ন্যায্যতা ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের এই উদ্যোগ এলাকায় আইনশৃঙ্খলার স্থিতি ফিরিয়ে আনে।

    শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে সক্রিয় তদারকি :

    শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে তাঁর বিশেষ নজর প্রশংসিত হয়েছে। পাশাপাশি,

    ১. স্কুল-কলেজের উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন।

    ২. উপজেলা ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে নানা আয়োজন ও সহায়তা।

    ৩. শিক্ষা ও খেলাধুলায় তিনি এক কার্যকর প্রশাসনিক সমর্থন হিসেবে ভূমিকা রেখেছেন।

    ধর্মীয় ও সামাজিক উন্নয়নে অবদান :

    ১. দীর্ঘদিনের অসম্পূর্ণ শাহ মখদুম মাজার শরীফের গম্বুজ আধুনিকায়নের কাজ পুনরায় সক্রিয়।

    ২. শাহজাদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কার।

    ৩. উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় উন্নয়ন সহায়তা প্রদান।

    শাহজাদপুরের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষাবিদ, সবাই উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের গত দুই বছরের দায়িত্বকালকে এক উন্নয়নমুখী, স্বচ্ছ ও মানবিক প্রশাসনের সফল উদাহরণ হিসেবে দেখছেন।
    তাঁর নেতৃত্বে শাহজাদপুর এখন উন্নয়ন, সৌন্দর্য ও সেবার এক নতুন ধারার পথে এগোচ্ছে। তাদের চারপাশের পরিবেশ এবং সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

  • মিউজিশিয়ান্স এসোসিয়েশন অব বগুড়া (ম্যাব)-এর নতুন কমিটি গঠন

    মিউজিশিয়ান্স এসোসিয়েশন অব বগুড়া (ম্যাব)-এর নতুন কমিটি গঠন

    স্টাফ রিপোর্টার।

    বগুড়ার শিল্পীদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগীত অঙ্গনের সার্বিক অগ্রগতির লক্ষ্যে মিউজিশিয়ান্স এসোসিয়েশন অব বগুড়া (ম্যাব)-এর ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত এ কমিটি আগামী ০২ (দুই) বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

    ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল আলম সুনাম।

    এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন-সহ-সভাপতি ঃ মাহফুজুর রহমান জনি
    যুগ্ম সাধারণ সম্পাদক ঃ তানভীর আলম তন্ময়
    সাংগঠনিক সম্পাদক ঃ আহাদ সওদাগর (রিয়েল)
    অর্থ সম্পাদক ঃ মওলা বক্স
    দপ্তর সম্পাদক ঃ অরূপ সাহা (অভি)
    প্রচার ও প্রকাশনা সম্পাদক ঃ ফাহাদ জনি
    সাংস্কৃতিক সম্পাদক ঃ পাপন কুমার চাকী
    ক্রীড়া সম্পাদক ঃ সিদ্ধার্থ প্রসাদ
    তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঃ আল গালিব খান
    সমাজ কল্যাণ সম্পাদক ঃ রেজাউল করিম রেজা
    নির্বাহী সদস্য ঃ হাজী মাসুদুর রহমান বিপু

    নবনির্বাচিত সভাপতি উত্তম কুমার রায় বলেন, “বগুড়ার শিল্পীদের কল্যাণ, ন্যায্য সম্মানী, মিউজিশিয়ানদের পেশাগত সুরক্ষা এবং নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বৃদ্ধিই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

    সাধারণ সম্পাদক মহিদুল আলম সুনাম বলেন, “ম্যাব শুধু একটি সংগঠন নয়; এটি বগুড়ার শিল্পীদের প্রাণের ঠিকানা। সবার অংশগ্রহণে আমরা আরও শক্তিশালী সংগীত পরিবেশ গড়ে তুলবো।”

    ম্যাব-এর নতুন কমিটি আশা করছে যে, বগুড়ার সংগীত অঙ্গনে পেশাদারিত্ব, ঐক্য, নিরাপত্তা এবং শিল্পীদের অধিকার আদায়ে একটি নতুন অধ্যায় সূচিত হবে।

  • শাহজাদপুরে ইউএনও মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    শাহজাদপুরে ইউএনও মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে দক্ষ ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে বিদায় জানাতে ভিড় করেন বিভিন্ন পেশার মানুষ।

    উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ, বাঘাবাড়ি শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

    এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

    এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণও অনুষ্ঠানে যোগ দেন।

    দুই বছর ধরে শাহজাদপুরে দায়িত্ব পালন কালে ইউএনও মোঃ কামরুজ্জামান প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক কার্যক্রমেও বিশেষ ভূমিকা রাখেন।

    তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:

    ১. দীর্ঘদিনের স্থবির হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহ.) মাজার উন্নয়ন কাজ পুনরায় শুরু করা এবং সমাপ্তির পথে নিয়ে যাওয়া।

    ২. পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ।

    ৩. উপজেলা পরিষদের অবহেলিত পুকুর সংস্কার করে জনসাধারণের বিনোদন ও বিশ্রামের উপযোগী পরিবেশ তৈরি।

    ৪. শাহজাদপুর পৌর পার্কের উদ্বোধন।

    ৫. শীতে রাতের বেলায় নিজে বের হয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ।

    ৬. অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো।

    এছাড়াও অসংখ্য উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করে শাহজাদপুরের নান্দনিকতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছেন।

    তার মানবিকতা, ভদ্রতা ও দায়িত্বশীল আচরণে শাহজাদপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নেন তিনি। বিদায় অনুষ্ঠানে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্মকর্তা, সবাই তার কাজের প্রশংসা করেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ কামরুজ্জামান শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি ছিলেন শাহজাদপুরবাসীর অভিভাবক।তার বিদায়ে এলাকায় এক ধরনের শূন্যতা অনুভূত হচ্ছে।

  • শাহজাদপুরের হাবিবুল্লাহ নগরে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

    শাহজাদপুরের হাবিবুল্লাহ নগরে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি।

    শনিবার ১৫ নভেম্বর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া বাজারে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এম. এ. মুহিতের পক্ষে ভোট চেয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, আমির হোসেন সবুজ, মুজিবুর রহমান মিন্টু, হাজী মনির হোসেন, আব্দুর রউফ, ইটভাটা ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আলমাস আলী, আরাফাত রহমান কোকো পরিষদের নেতা শাহাদাত হোসেন এবং শ্রমিক নেতা শামীম প্রমুখ।

    এসময় মোঃ আলমাস আলী বলেন, আমাদের কঠোর পরিশ্রমই সফলতা এনে দেবে। ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীক বিজয়ের সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে।
    তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, যেন সবাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

    অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ময়েন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন অনিক আহমেদ, সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ নগর ইউনিয়ন।

    বক্তারা আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।

  • শাহজাদপুরে মোটরসাইকেল রেসে গাছের সাথে সংঘর্ষে তরুণ নিহত, আহত এক

    শাহজাদপুরে মোটরসাইকেল রেসে গাছের সাথে সংঘর্ষে তরুণ নিহত, আহত এক

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন।

    রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন তরুণ গুরুতর আহত হয়েছেন।

    নিহত তরুণের নাম রুহান (১৭)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসদরের বাসিন্দা। আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে অতিরিক্ত গতিতে রেস করছিলেন। প্রচণ্ড গতির একপর্যায়ে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলগুলো পরস্পরের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে একটি মোটরসাইকেল সোজা গিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছে আঘাত হানে।

    ধাক্কার তীব্রতায় দুই আরোহী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রুহান মারা যান এবং গুরুতর আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে শাহজাদপুরের পিপিডি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান।

    এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন বলেন, বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই এক তরুণের মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

  • শাহজাদপুরে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

    শাহজাদপুরে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

    আবু সুফিয়ান নোমান ,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

    কর্মসূচি’র মধ্যে ছিল জাতীয় ও সমবায়িক পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

    উক্ত আলোচনা সভায় শাহজাদপুর উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ,বাঘাবাড়ী ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি কে এম শামীম হোসেন,শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন,বাঘাবাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী প্রমুখ।

    এ সময় শাহজাদপুর উপজেলা সমবায় অফিসার রবিউল রানা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম সমবায় নিয়ে কার্যক্রম শুরু করেন শাহজাদপুর উপজেলার মানুষ,এই অঞ্চলের মানুষের ভাগ্যের অনেক পরিবর্তন আসে সমবায়ের মাধ্যম, শাহজাদপুরের মানুষের মধ্যে ব্যাপক সারা জাগে এবং দেশ ও দেশের বাহিরে এর সুনাম ছড়িয়ে পরে, এখানে সমবায় সমিতির মাধ্যমে মিল্কভিটা পরিচালিত হয়,যা এখন দেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছে। দেশের উন্নয়নে সমবায় প্রতিষ্ঠান ব্যাপক ভুমিকা রাখছে।
    এ সময় তিনি আরো বলেন, এই উপজেলায় দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আগামীতে প্রতিটি ইউনিয়নে একটি করে মহিলা সমবায় সমিতির উদ্যোগের পরিকল্পনা নিয়ে কাজ করছি।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, দেশের বৃহৎ সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটাকে আরো গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি, সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে, দেশের উন্নয়নে সমবায় প্রতিষ্ঠান আরো ভুমিকা রাখবে।