কাপ্তাই প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) ও কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে র্যালিটি বের করা হয়। র্যালিটি সিনেমা হল সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানান। বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মো.মাহামুদুল হাসান রুবেল (ওসি),সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
এ সময় কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম, সিবিএ প্রতিনিধি মোঃ মুসা (মাস্টার অপারেটর), সুমন দাশ,চম্পাকুড়ি খেলাঘরের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,রহমত উল্লাহ মনুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।