মোঃ মেহেদী হাসান, কাউখালী।
১৯৭৫ সালের ৭ই নভেম্বর মধ্যরাতে ঢাকা সেনানিবাসে সিপাহি-জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থান ঘটে। সিপাহিদের বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। এই দিনেই খালেদ মোশাররফসহ সংশ্লিষ্টরা নিহত হন। এই ঘটনার পর জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় বলে এর সমর্থকরা মনে করেন। তাই প্রতি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওহিদুর রহমান,
কাউখালী মহিলা কলেজের অধ্যাপক মোঃ আখতারুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাফিউল আজম দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন,জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, কর্মময় জীবন ও রাষ্ট্র গঠনে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর সময়ে শিল্প-কারখানা সম্প্রসারণ,কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন কর্মসূচি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছিল বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরার বিষয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।









