Category: জাতীয়

  • শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে আকছেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১৩৮ পিস নিষিদ্ধ ফেন্সিডিল এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আকছেদ আলী পৌর শহরের রূপপুর নতুনপাড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে।

    র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শফিক কামালের নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়ায় অভিযান চালায়। এ সময় আকছেদ আলীকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় রাখা ১৩৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    আজ সোমবার (১১ মে) সকালে গ্রেফতারকৃত আসামিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে শাহজাদপুর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, র‌্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    তিনি আরও জানান, শাহজাদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

    “মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসনের পক্ষ থেকে হেনস্তা এবং কিছু সাংবাদিকের ‘দালাল’ শব্দ ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

    উপজেলা মডেল ফারিয়ার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা শাহরিয়ার ইমন, উপদেষ্টা সোহেল রানা, উপজেলা মডেল ফারিয়ার সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রশিক্ষিত ও পেশাদার শ্রেণি। চিকিৎসা ও ওষুধসেবার মধ্যে সমন্বয় সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের প্রতি অবমাননাকর আচরণ ও অসম্মানজনক শব্দচয়ন অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

    তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন

  • কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা  নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার( ১১ মে) বিকালে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন বিদায় উদযাপন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  বিদায় উদযাপন পরিষদের  আহবায়ক কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেড পরিচালক খোরশেদুল আলম কাদেরি।

    কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি, শিক্ষক সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও সমুহের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  বক্তব্য রাখেন বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়,  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রবিউল হোসেন জহির,  জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনর রশীদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক হুমায়ুন কবির, হেডম্যান থোয়াই অং মারমা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

    বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, কাপ্তাইয়ে কর্মকালীন সময়ে আমি এখানকার সর্বস্থরের মানুষের সহযোগিতা পেয়েছি। কাপ্তাই উপজেলা পর্যটন শিল্পের জন্য একটা সম্ভাবনায় উপজেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানকার পর্যটন শিল্পকে বিকশিত করতে হবে। এছাড়া এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত আম সহ অন্যান্য ফলের উৎপাদন বাড়িয়ে উপজেলার অর্থনীতি সমৃদ্ধি করা যেতে পারে।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেণির সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল,সংগঠন,শিক্ষক, সাংবাদিক ও এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১১টায় রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার), (বিএআরআই অঙ্গ)এর অর্থায়ন করে।

    রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জিয়াউর রহমান।

    প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রোগাম ডাইরেক্টর ড. মো. ফারুক হোসেন। প্রধান অতিথি বলেন, ডধানের ফলন ঠিক রেখে সমগ্র বাংলাদেশে ২ লক্ষ হেক্টর জমিতে অন্যান্য ফলের উৎপাদন বাড়াতে এই প্রকল্প কাজ করছে। প্রকল্পের অধীনে কৃষকদের মাঠ দিবস এর মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করে তোলা হচ্ছে।

    বক্তব্য রাখেন কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো: এনায়েত শরীফ।
    উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে গবেষণা কেন্দ্রে বারি আম- ৪ এর বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে কৃষকদেরকে বারি আমের- ৪ এর উৎপাদন কৌশল, রক্ষানাবেক্ষন বিষয়ে ধারণা দেওয়া হয়।এসময় ৮০জন কৃষক মাঠ দিবসে অংশগ্রহণ করেন।

  • পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ

    পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    পাবনার চাটমোহরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ ও প্রস্তুতকৃত ভেজাল দুধ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    শনিবার (৯ মে ২০২৬) সকাল ৭টা ২০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক পাবনার নির্দেশনায় এবং জেলা এনএসআই, পাবনার সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

    অভিযানে আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় সেখান থেকে ১২ ড্রামে সংরক্ষিত প্রায় ৫৭০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো তরল পদার্থ এবং বিপুল পরিমাণ প্রস্তুতকৃত নকল দুধ উদ্ধার করা হয়।

    ঘটনাস্থল থেকে আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামাণিককে আটক করা হয়েছে। একই ঘটনায় আব্দুল মোমিন, আল আমিন, আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    অভিযান চলাকালে এনএসআইয়ের একজন উপ-পরিচালকসহ সংস্থাটির অন্যান্য সদস্য, স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, গত কয়েকদিন ধরে এনএসআই গোপনে নকল দুধ তৈরির বিষয়টি অনুসন্ধান করে আসছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন ও এনএসআইয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : ইকবাল হাসান মাহমুদ টুকু

    রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : ইকবাল হাসান মাহমুদ টুকু

    আবু মোহাম্মদ মঈন উদ্দিন মিঠু। 

    ‘রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।’

    শুক্রবার (২৫ বৈশাখ) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান স্মরণ করে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, কবি এখানে (শাহজাদপুর) বসেই বহু গান, কবিতা ও গল্প রচনা করেছেন।

    রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। তাই এই দিনে আমরা বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথকে স্মরণ করি।

    সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

    ২৫-২৭ বৈশাখ তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে কাছারিবাড়ি ও অডিটোরিয়ামে সংস্কার, আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে।

    ঐতিহাসিক সূত্রে জানা যায়, একসময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি ক্রয় করেন।

    পরে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির জন্য রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে আসতেন ও এখানে অবস্থান করতেন।

    এই কাছারিবাড়িতে বসেই তিনি ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালী’, ‘কল্পনা’র মতো কাব্যগ্রন্থ এবং ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘সমাপ্তি’, ‘অতিথি’, ‘ক্ষুধিত পাষাণ’-এর মতো বিখ্যাত ছোটগল্প রচনা করেন।

    পাশাপাশি ‘ছিন্নপত্রাবলী’র বিভিন্ন অংশ ও ‘বিসর্জন’ নাটকেরও কিছু অংশ এখানে রচিত হয়।

    রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে অডিটোরিয়াম ও মিউজিয়ামে সংস্কার ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য সবকিছু উন্মুক্ত রাখা হয়েছে।

    শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার পাশাপাশি রবীন্দ্র মেলারও আয়োজন করা হয়েছে।

    দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

  • বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি খোকন তালুকদার

    বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি খোকন তালুকদার

    শাহাজাদী সুলতানা, মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন জুলাই আন্দোলনের খুনিদের বিচার না চেয়ে জুলাই সনদ নিয়ে নাটক করে লাভ নেই, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং জুলাই সনদের প্রত্যেকটি লাইন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।

    তিনি আরো বলেন আপনাদের উচিত ছিল এই সরকারের কাছে আবু সাঈদ, মুগ্ধসহ সারা বাংলাদেশে ১৭ বছর যারা শহীদ হয়েছে তাদের খুনিদের ফাঁসির দাবিতে রাজপথে মিছিল করা, সেই মিছিল না করে আপনারা মিছিল করছেন সরকারের পদত্যাগের জন্য যা জনগণ ভালোভাবে নিচ্ছে না।

    শনিবার (৯ -মে) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ও বিকালে এনায়েত নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন,আমরা অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন চাই অবশ্যই বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন করবে,তারেক রহমান হ্যা ভোটের পক্ষে ভোট চেয়েছেন সারা বাংলাদেশের বিএনপি’র লোক হ্যা ভোটের পক্ষে ভোট দিয়েছেন। আমরা অবশ্যই জুলাই সনদ শুধু লাইনে লাইনে নয় অক্ষরে অক্ষরে পালন করবো।

    তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীল তারেক রহমান মাত্র দুই মাসে যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন সারা বিশ্বে তা নজিরবিহীন। পৃথিবীতে আজ পর্যন্ত কোন সরকারই এতো তারাতারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি। তিনি বলেন অনেক রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোন মাদক থাকবেনা। মাদারীপুর-৩ আসনকে মাদকমুক্ত করতে আমার যতো কঠোর হতে হবে আমি সেটা হবো। যেকোন মূল্যে মাদারীপুর-৩ আসনকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।

    উভয় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার প্রমুখ। উক্ত মতবিনিময় সভা সমূহে পূর্ব এনায়েত নগর ও এনায়েত নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার 

    চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চালিয়ে ২নংরাইখালী ইউপি হতে চোলাইমদসহ দুই পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার দুপুরে  রাইখালী  কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় থেকে  অভিনব পন্থায় স্যালাইন ব্যাগ ভর্তি ১৮ লিটার চোলাইমদসহ খাদিজা আক্তার(৩৫)ও তানিয়া আক্তার (৪০)কে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম মহানগর খুলশী  আম বাগান এলাকায় বসবাস করে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের(ওসি( জানান  থানার উপ পরিদর্শক ( এসআই)  আক্তার হোসেন এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স  বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে পাচার করার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।

    আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান।

  • শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুরু

    শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুরু

    মো:সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর-এ তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (২৫ বৈশাখ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

    সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আব্দুল্লাহ খান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

    বিশেষ অতিথির বক্তব্যে ডা. এম. এ. মুহিত বলেন, মানুষের প্রতি ভালোবাসা, সাহিত্যচর্চা, সমাজচিন্তা, অর্থনীতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধের চিরন্তন প্রেরণার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেন, শাহজাদপুরে অবস্থানকালে রবীন্দ্রনাথ এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করেছিলেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

    প্রধান আলোচক ড. তারিক মনজুর বলেন, শাসকশ্রেণি যখনই জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে, তখনই রবীন্দ্রনাথ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তিনি প্রকৃতির মাঝেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন।

    অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, এবারের জন্মজয়ন্তীর প্রতিপাদ্য “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ”। তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে অর্থ বরাদ্দ হলেও পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র জটিলতায় এখনো কাজ শুরু হয়নি। এ বিষয়ে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সহযোগিতা কামনা করেন তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থতাবোধ করায় প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

    এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কাছারিবাড়ি ও অডিটোরিয়ামজুড়ে করা হয়েছে সংস্কার, আলোকসজ্জা ও বর্ণিল সাজসজ্জা। তিন দিনব্যাপী এ আয়োজনে রয়েছে সম্মিলিত সংগীত, রবীন্দ্রসংগীত, নাটক, আবৃত্তি, নৃত্য পরিবেশনা, কিশোর-কিশোরীদের নৃত্য প্রতিযোগিতা এবং রবীন্দ্র মেলা।

    ঐতিহাসিক সূত্রে জানা যায়, একসময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদারি ক্রয় করেন। পরবর্তীতে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির কাজে রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে আসতেন। এখানেই বসে তিনি সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা-সহ অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেন। পাশাপাশি পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ও ক্ষুধিত পাষাণ-এর মতো বিখ্যাত গল্পও এখানে রচিত হয়।

    রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, দর্শনার্থীদের জন্য মিউজিয়াম ও অনুষ্ঠানস্থল উন্মুক্ত রাখা হয়েছে। অন্যদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

  • মোহাম্মদপুরে ওপেন হাউস ডে পালন

    মোহাম্মদপুরে ওপেন হাউস ডে পালন

    শাফায়েত হোসেন, মোহাম্মদপুর, ঢাকা থেকে। 

    জনসচেতনতা ও কঠোর আইনশৃঙ্খলা নিশ্চিত করতে তেজগাঁও জোনের ডিসি মিজান সাহেবের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ঢাকা উদ্যান এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ, তদন্ত ওসি রফিক, ৮ নং পুলিশ বিটের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, বিডিআর ফাঁড়ির ইনচার্জ, সাব-ইন্সপেক্টর জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। এছাড়া ঢাকা উদ্যান আন্তর্জিলা ফেডারেশনের সভাপতি শফিকুল হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর, সাধারণ সম্পাদক জামালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে ডিসি মিজান বলেন, “ঢাকা উদ্যানসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে পারেনি। শুধু পুলিশের একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয় ,এ জন্য এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
    স্থানীয়রা অভিযোগ করেন, কিছু নামধারী রাজনৈতিক নেতা ও তাদের অনুসারীদের ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করছে। এ সময় এলাকাবাসী স্পষ্টভাবে জানান,দলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস, মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
    নবোদয় হাউজিং, চন্দ্রিমা, তুরাগ হাউজিং, নবীনগর ও ঢাকা উদ্যান এলাকার বাসিন্দারা শান্তিপূর্ণ জীবনযাপনের দাবি জানিয়ে বলেন, তারা একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ আবাসিক এলাকা চান।
    সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন, নিয়মিত টহল বৃদ্ধি এবং জনসম্পৃক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়।
    এলাকাবাসী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা উদ্যানকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত করা সম্ভব।

    সভায় “জিরো টলারেন্স , নীতিতে অপরাধ দমনের প্রত্যয় ব্যক্ত করা হয়।