Category: জাতীয়

  • পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

    পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

    জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

    শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর হাট–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের চেইনেজ ১২৫০.০০ মিটার থেকে ২৩১০.০০ মিটার পর্যন্ত পূর্ণবাসন (উন্নয়ন) কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২০ জুন) সকাল ১২ ঘটিকায় সময় পালেচর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ আসলাম।

    এ উপলক্ষে ২.৫ ফুট × ২ ফুট আকারের মার্বেল পাথরের ফলক উন্মোচন করা হয়।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পালেচরহাট–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের ১২৫০ মিঃঅংশের মধ্যে ২৩১০ মিঃ পূর্ণবাসন কাজের শুভ উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    একটি এলাকার উন্নয়নের প্রধান ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই সড়কের উন্নয়নের ফলে এলাকার মানুষের চলাচল আরও সহজ, সুন্দর হবে।
    আমি সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানাই, যেন কাজটি নির্ধারিত সময়ে ও সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করা হয়।

    তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলবল নির্বিশেষে আমরা সবাই মানুষ একে অপরের সহযোগী এবং সহযোগী হয়েই সবাই দেশের উন্নয়নে কাজ করব। কেউ কোন মারামারি এবং বিশৃঙ্খলা করবেন না আর দেশের উন্নয়নে কাজ করতে যদি কোন সমস্যা হয় ভয় পাবেন না আমি আপনাদের পাশে আছি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক কিনুই শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পালেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন হাওলাদার।

    উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার( এলজিইডি)
    এর নির্বাহী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী ইমন মোল্লা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ফরাজী, জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটু আকন, পৌর বিএনপির সভাপতি নজরুল কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল সর্দার, বড়কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সৈয়াল, জাসাস উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মৃধা এবং জাজিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহিন শিকদার, বিলাশপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আনোয়ার । উপজেলা মহিলাদলের সভাপতি রুমা হামিদ এবং জাজিরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাহাজাদী সুলতানা।
    এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। তারা উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
    অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর -১ সাঈদ আহমেদ আসলাম ভাঙ্গন কবলিত এলাকা টলারে করে পরিদর্শন করেন।

  • শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার

    শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, সবুজ হোসেন রাজা। 

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জালাল মিয়াকে পাবনা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল।

    বৃহস্পতিবার (১৮ জুন) তাকে গ্রেফতার করে রাতেই শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।

    শুক্রবার (১৯ জুন) তাকে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় শাহ জালাল মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শাহজাদপুর থানায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি। ওই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পলাতক রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ জালাল মিয়া সাতবাড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগের মুখে পড়েন। অভিযোগ রয়েছে, তৎকালীন উপাধ্যক্ষ শাহাদত হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার কাছে আর্থিক হিসাব চাইলে তিনি অসদাচরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে কলেজের গভর্নিং বডির সদস্য মো. লুৎফুর রহমান লাল মিয়ার হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

    এদিকে, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার ভাগিনা জামিল হোসেন অভিযোগ করে বলেন, শাহ জালাল মিয়া তার নানা-নানীর সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেন এবং তাদেরকে বাসায় আটকে রেখে নির্যাতন করতেন। তিনি দাবি করেন, তার মা ও খালাদের নানা-নানীর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। ফলে তারা মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করেন।

    জামিল হোসেন আরও অভিযোগ করেন, শাহ জালাল মিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হলেও অতীতে দলের রাজনীতির সঙ্গে তার তেমন সম্পৃক্ততা ছিল না। অর্থের বিনিময়ে পদ লাভ করে তিনি সেই প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন। সরকারি দলের প্রভাব ব্যবহার করে তাদের পরিবারের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হয় এবং বাড়িছাড়া করারও চেষ্টা করা হয়। এছাড়া ভূমিহীনদের সরকারি জমি লিজ দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

    শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার শালগারিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে শাহ জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা 

    শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা। তিন পার্বত্য জেলা তথা  রাঙামাটি জেলার  কাপ্তাই উপজেলায়  সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে।

    দীর্ঘ বছর যাবত এ সড়কের কোন উন্নয়ন কাজ করা হয়নি। ফলে এ সড়ক দিয়ে প্রতিদিন অত্র ইন্সটিটিউটের শিক্ষার্থী ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়েছে। সড়ক দিয়ে চলাচল করার সময়  ময়লা ও কাদামাটি শিক্ষার্থীর শরীরে পরে শেষ মেষ ক্লাস করতে পাড়ছেনা বলে অভিযোগ উঠেছে।

    কম্পিউটার বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সৌরভ জানান, ইন্সটিটিউটের প্রধান সড়কের বেহাল অবস্থায় আমরা বিভিন্ন সমস্যা পড়েছি। চলাচলের সময় ময়লা,কাদামাটি ছিটকে  আমাদের শরীরে পড়ছে।যার ফলে ময়লা ও কাদামাটি নিয়ে ক্লাস করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে।

    সড়কটি নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে। এসড়ক দিয়ে বাংলাদেশ  নৌবাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটি, কাপ্তাই বন বিভাগ, বাংলাদেশ বন শিল্প কারখানা,পুলিশ সার্কেল অফিস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াত করে।এবং প্রতিদিন হাজার হাজার লোকসহ রাঙামাটি পর্যটক এ সড়কটি দিয়ে চলাচল করছে।

    সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে ছোট,ছোট গর্ত হওয়ার ফলে জনসাধারণের বড় সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১ এর দায়িত্ব থাকা এ সড়কের কোন নজরদারি নেই বললেই চলে।

    এ বিষয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি  বিশ্বাস জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থা। শিক্ষার্থী চলাচল করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়ক দিয়ে চলতে বা ক্লাস করতে এসে শিক্ষার্থী ময়লার কবলে পড়ছে। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনিক ভাবে অবগত করার পরও কোন সুরাহ হয়নি।

    রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১ এর নিকট একাধিক বার ফোন করে  জানতে চাওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর দাবি দ্রুত উক্ত সড়কটি সংস্কার করার দাবি জানান।

  • কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার(১৮ জুন)পরিচালিত অভিযানে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই মো: মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

    গ্রেফতারকৃতরা হলেন শিয়ালকাঠি এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো: শফিকুল ইসলাম (২৩), পিতা খলিলুর রহমান এবং মো: ইমরান হাওলাদার (৩০), পিতা দুলাল হাওলাদার।

    আটককৃতদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

  • পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান 

    পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙ্গামাটির কাপ্তাই সেনাজোনের উদ্যেগে  প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

    বৃহস্পতিবার(১৮জুন)  কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প এলাকা, গুরুত্বপূর্ণ সড়কসমূহ এবং আশপাশের জনসমাগমস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

    অভিযান চলাকালে সেনাসদস্যরা পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করেন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ধরনের কার্যক্রম পরিবেশ দূষণ হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

    কাপ্তাই জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী সপ্তাহে স্থানীয় জনগণের অংশগ্রহণে কাপ্তাই নতুন বাজার এলাকা, পিডিবি এলাকা এবং বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

  • প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার

    প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার

    রিপোর্টার: শাফায়েত হোসেন।

    রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম।

    জানাযায়, ১৬ জুন ২০২৬ ঘটনার পর প্রধানমন্ত্রী তার খোঁজখবর নেন এবং হাসপাতালের উদ্দেশে একটি উপহার পাঠান। এই উপহার পাঠিয়েছেন কামরুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এর মাধ্যমে।

    উপহার পেয়ে ওসি অনেক আনন্দ প্রকাশ করেন। এ সময় ওসি জাহিদ বলেন, এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। একজন প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠিয়েছেন—এটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।”

    তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীরা বিষয়টি জেনে আনন্দ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন।

    ওসি জাহিদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সবসময় জনগণের পাশে রয়েছে। তিনি সন্ত্রাস, মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে নিজের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

    তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর পাঠানো উপহারটি পৌঁছে দেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল।

    উল্লেখ্য, উপহার পাঠানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  • কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

    কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

    নিজস্ব সংবাদদাতা,কাপ্তাই। 

    রাঙামাটি কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্র শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি সম্পন্ন হয়েছে।

    বুধবার  (১৭ জুন ২৬) সকাল সাড়ে আটায় মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই, রাঙামাটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

    ইফা মডেল কেয়ারটেকার মুফতি মোঃ আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইফা ফিল্ড সুপার ভাইজার  মোঃ নাছির উদ্দিন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী।

    প্রধান অতিথি বলেন,একজন শিক্ষক জ্ঞান অর্জন ও চর্চার মাধ্যমে সমাজ,পরিবার এবং কেন্দ্রের  মান উন্নয়ন করতে পারে। দুইদিনের প্রশিক্ষণে  বিভিন্ন বিষয়ের উপর কেন্দ্র শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া  দেয়া হয়েছে। সেই প্রশিক্ষণ পালনে সকল আগত শিক্ষকদের প্রতি আহবান জানান।

    সমাপনীতে  প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম মোঃ সোলাইমান, কাপ্তাই উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর জিন্নাতুল নাহার,নুরুনী তালিমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক সলিম উল্লাহ খান ও রাঙামাটি ইসলামিক ফিল্ড অফিসার শামছুল ইসলাম।

    প্রশিক্ষণে  কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ৮০জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষক অংশগ্রহণ করেন।

  • আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

    আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

    রিপোর্টার: শাফায়েত হোসেন।

    রাজধানীর আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আদাবর থানার ওসি জাহিদ ও সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    স্থানীয় সূত্রের দাবি, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত বিকাশের দোকানে হামলা চালায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
    এরপর অভিযানে নামে পুলিশ। অভিযোগ রয়েছে, তুরাগ হাউজিং এলাকার সাঈদ ব্যাপারীর পেট্রোল পাম্পের পেছনের সড়কে সন্দেহভাজনদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওসি জাহিদ ও এসআই তরুণ আহত হন।
    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। কয়েকজন বাসিন্দা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এলাকায় ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
    স্থানীয় রাজনৈতিক যুবদলের ৩০ নং ওয়ার্ড নেতা ইব্রাহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, এলাকায় ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
    স্থানীয়দের একটি অংশ জানান, তারা এলাকায় নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা চান।

  • কাউখালীতে কিস্তিতে ক্রয়কৃত ওয়ালটন পন্যের পাওনা টাকা পরিশোধ ছাড়াই উল্টো গ্রাহকের পরিবার পেল সুরক্ষা সহায়তা

    কাউখালীতে কিস্তিতে ক্রয়কৃত ওয়ালটন পন্যের পাওনা টাকা পরিশোধ ছাড়াই উল্টো গ্রাহকের পরিবার পেল সুরক্ষা সহায়তা

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী এ মানবিক কাজের আয়োজন করেন কাউখালী ওয়ালটন প্লাজা।

    ১৭ই জুলাই(বুধবার) বিকাল ৪ ঘটিকার সময় কাউখালী বাস স্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজার অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মোঃ নুরুজ্জামান তালুকদার, ২৯ হাজার টাকা মূল্যে কিস্তিতে একটি ওয়ালটন মোবাইল ফোন ক্রয় করে, ২৫ হাজার টাকা পরিশোধ করে আকষ্মিক মৃত্যু বরন করেন। কিন্তু মৃত গ্রাহকের পরিবারের কাছে ওয়ালটনের “কিস্তি ক্রেতা সুরক্ষা” কার্ড থাকায় ক্রয়কৃত পন্যের বাকী ৪ হাজার টাকা না নিয়ে উল্টো গ্রাহকের পরিবারের হাতে নগদ ৪৬ হাজার টাকা আনুষ্ঠানিক ভাবে প্রদান করেন, ওয়ালটন কতৃপক্ষ।
    উল্লেখ্য ২০২২ সাল থেকে দেশের একমাত্র ইলেকট্রনিকস সামগ্রীর প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ালটন,তাদের গ্রাহকদের এ সুবিধা দিয়ে যাচ্ছেন। ওয়ালটনের পন্যে ক্রয়কারী গ্রাহকের মৃত্যুতে সর্বনিম্ম ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত,তাদের ক্রয়কৃত পন্যের মূল্যের উপর আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। একই সঙ্গে মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্য সহায়তাসহ পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থাও করা হয়।
    এছাড়াও ওয়ালটনের এই বিশেষ সুবিধার আওতায় নগদ ও কিস্তিতে পণ্য ক্রয়ে বিভিন্ন অফারের পাশাপাশি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার,শিক্ষা প্রতিষ্ঠান,রিসোর্ট ও সুপার শপে বিশেষ ডিসকাউন্ট,প্লাজাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবাও প্রদান করা বলে জানা গেছে।
    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন,  ওয়ালটন কর্পোরেট অফিসের কাস্টমার রিলেশন বিভাগের ইনচার্জ নাহিদ ইসলাম,বরিশাল ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান এবং ওয়ালটন প্লাজা কাউখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইয়ামিন আহম্মেদ।
    এ অনুষ্ঠানে অতিথি কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা   মোঃ আনোয়ার হোসেন বলেন,এ ধরনের মানবিক উদ্যোগ সমাজ এবং এই কোম্পানির প্রচার ও প্রসারের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয়।
    ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান বলেন,ওয়ালটন শুধু পণ্য বিক্রিই করে না,গ্রাহক ও তাদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণের বিষয়েও গুরুত্ব দেয়।
    ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং গ্রাহকবান্ধব সেবা আরও সম্প্রসারিত করা হবে।

  • মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না

    মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না

    স্টাফ রিপোর্টার। 

    মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

    তিনি ১৭ জুন  বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লোকজনের দায়ের করা চার সাংবাদিকের বিরুদ্ধে কথিত হয়রানিমূলক মামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

    আহমেদ আবু জাফর বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হলে তা শুধু সাংবাদিকদের নয়, জনগণের জানার অধিকারের ওপরও হুমকি হয়ে দাঁড়ায়। তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে যেসব অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে, সেগুলো দমন করার জন্য মামলা বা হয়রানির পথ বেছে নেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

    সমাবেশে বিডি মেসেজের সম্পাদক সাইফুল শিকদারসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টির শামিল।

    বক্তারা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।

    সমাবেশ থেকে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা-হামলার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    শেষে অংশগ্রহণকারীরা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।