শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সবুজ হোসেন রাজা। 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জালাল মিয়াকে পাবনা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (১৮ জুন) তাকে গ্রেফতার করে রাতেই শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।

শুক্রবার (১৯ জুন) তাকে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় শাহ জালাল মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শাহজাদপুর থানায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি। ওই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ জালাল মিয়া সাতবাড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগের মুখে পড়েন। অভিযোগ রয়েছে, তৎকালীন উপাধ্যক্ষ শাহাদত হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার কাছে আর্থিক হিসাব চাইলে তিনি অসদাচরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে কলেজের গভর্নিং বডির সদস্য মো. লুৎফুর রহমান লাল মিয়ার হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার ভাগিনা জামিল হোসেন অভিযোগ করে বলেন, শাহ জালাল মিয়া তার নানা-নানীর সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেন এবং তাদেরকে বাসায় আটকে রেখে নির্যাতন করতেন। তিনি দাবি করেন, তার মা ও খালাদের নানা-নানীর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। ফলে তারা মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করেন।

জামিল হোসেন আরও অভিযোগ করেন, শাহ জালাল মিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হলেও অতীতে দলের রাজনীতির সঙ্গে তার তেমন সম্পৃক্ততা ছিল না। অর্থের বিনিময়ে পদ লাভ করে তিনি সেই প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন। সরকারি দলের প্রভাব ব্যবহার করে তাদের পরিবারের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হয় এবং বাড়িছাড়া করারও চেষ্টা করা হয়। এছাড়া ভূমিহীনদের সরকারি জমি লিজ দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার শালগারিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে শাহ জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *