Category: বরিশাল বিভাগ

  • কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

    কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

    পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৪ জেলে প্রত্যেককে ৩দিন করে এবং ১ জেলেকে ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে ৫জন জেলেকে আটক করে ।

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ রায় দেন।

    তিন দিনের সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কেশরতা গ্রামের রাজু খান,মো: জাফর, বেকুটিয়া গ্রামের হাসান হাওলাদার, মাইনুল। ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পিরোজপুরের রানীপুর গ্রামের রশিদ শেখ ।

    উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে জেলে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের ৪ জনকে ৩ দিন করে এবং একজন জেলের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
    তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় এ অভিযান আজ ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত চলবে।

  • শিক্ষক নুরুল আমিন মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন )

    শিক্ষক নুরুল আমিন মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন )

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলার কেন্দ্রীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক উপজেলা হাসপাতাল রোডের নিবাসী মোঃ নুরুল আমিন (৬০) শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)।

    মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বেলা এগারোটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাযা শেষে গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এইচএম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

  • কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা।

    পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

    জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের ফার্মেসি ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে জায়ান (৫) বৃহস্পতিবার (২৩ অক্টোবর )বিকেলে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের সামনে পুকুরে পড়ে যায়।

    অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাইনুল হোসেন শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কাউখালীতে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কাউখালীতে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে, আশ্রম প্রাঙ্গনে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ জগন্নাথানন্দ সরস্বতী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান। এছাড়া বক্তব্য রাখেন, অধ্যক্ষ পরিমল কর্মকার, কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ভজন দাস, সহ সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা প্রমুখ।

    অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পলাশ সজ্জল ও লিটন কৃষ্ণ কর।
    অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, কাউখালীতে আগামী ৬ নভেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসব অনুষ্ঠান শান্তি, শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হইবে।

  • পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ – ২০২৫ এর উদ্ভোধন

    পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ – ২০২৫ এর উদ্ভোধন

    পিরোজপুর প্রতিনিধি:

    “সাবধানে চালাবো গাড়ি,নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্ভোধন হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৫।

    বৃহস্পতিবার (২৩অক্টোবর)পিরোজপুর সিও অফিস চত্বরে এই ট্রাফিক সপ্তাহের উদ্ভোধন করেন পিরোজপুর এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

    পরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে পিরোজপুর জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে সি ও অফিস এসে শেষ হয়।

    র‍্যালী শেষে মোটরসাইকেল যাত্রীদের মাঝে পুলিশ সুপার হেলমেট বিতরন করেন ও মাথায় থাকা হেলমেট পরিধানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    পরে সি ও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার – যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান,সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি জেলা ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ ট্রাফিক চেকিংয়ের মাধ্যমে নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলতে উদ্ধুদ্ধ করেন।

    এ সময় বক্তারা বলেন,আজকের এই আয়োজন শুধু একটি সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন নয়,এটি আমাদের সম্মিলিত দায়িত্ববোধের নতুন অধ্যায়।

    মনে রাখবেন, ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করার জন্য নয়- তারা দিনরাত আমাদের জীবন রক্ষার জন্য কাজ করে।তাদের সহযোগিতা করুন, নিজে নিয়ম মেনে চলুন অন্যকে সচেতন করুন, পথ আমাদের সবার, তাই দায়িত্ব ও সবার।

    সভায় ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)নাসরিন জাহান,সওজ,সড়ক, উপ-বিভাগ,কাউখালী এর উপ – বিভাগীয় প্রকৌশলী বি এম রাজিমুল আলীম রাজু,বিআরটিএ পিরোজপুরের উপ – পরিচালক মোবারক হোসেন,পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম,পিরোজপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব,টিআই (প্রশাসন),বিআরটিএ কর্মকর্তা কর্মচারীগন , বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ, সাধারন জনগন প্রমুখ।

  • বিভেদ নয়, ঐক্য চাই-স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

    বিভেদ নয়, ঐক্য চাই-স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

    এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর:

    পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আজ আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সবচেয়ে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। গত ১৬ বছর আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। তিনি বলেন, আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী-তবে আমাদের লক্ষ্য একটাই, জনগণের শাসন প্রতিষ্ঠা করা স্বাধীন বাংলাদেশ গড়া। মাসুদ সাঈদী আরও বলেন, দীর্ঘ সময়ে আমরা দেখেছি, কিভাবে শেখ হাসিনার সরকার বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন, গুম-খুন ও মামলা চালিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। দেশের শীর্ষ আলেমদের অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব জুলুমের পরও আমরা দমে যাইনি; বরং আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ হয়েছি। তিনি সতর্ক করে বলেন, যখন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে, তখন আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। সাবেক চেয়ারম্যান বলেন, গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য। কিন্তু সেই সমালোচনা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে। যদি আমরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিই, দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দিই-তাহলে আমরা শত্রুরই স্বার্থ পূরণ করব। তিনি আরও বলেন, আমরা চাই, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি একই পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকুক, যেন শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা যায়।

    মাসুদ সাঈদী বলেন, স্বপ্নের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, ভিন্নমতের জন্য নির্যাতিত হবে না; যেখানে দুর্নীতির বদলে থাকবে ইনসাফ, অপশাসনের বদলে থাকবে সুশাসন, স্বৈরাচারের বদলে থাকবে গণতন্ত্র। জনগণের দ্বারা পরিচালিত একটি প্রকৃত গণতান্ত্রিক সরকারই হবে আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, তাই আজ আমাদের অঙ্গীকার হোক-বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব, যতদিন না এই দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা যায়। ঐক্যই আমাদের শক্তি, আর এই শক্তিই আগামী দিনের পরিবর্তনের চালিকা শক্তি হবে।

    সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল খান, ইউপি সদস্য ময়না বেগম, শিরিন আক্তার, তপন কুমার সাহা, ইউনিয়ন জামায়াত আমীর ওমর ফারুক, যুবনেতা মুবাশশির সানি, জাকারিয়া হোসেন, মামুন হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে, ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিনের সভাপতিত্বে ও ইউপি সচিব সুমন শিকদারের সঞ্চালনায়।

  • পিরোজপুর-০৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থী দেখতে চান জাকির গাজীকে

    পিরোজপুর-০৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থী দেখতে চান জাকির গাজীকে

    পিরোজপুর প্রতিনিধি :

    পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান জাকির মঠবাড়িয়ার রাজনৈতিক পরিসরে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে রেখেছেন।

    স্থানীয় নেতা কর্মীরা জানান, ২০২৩ সালে আওয়ামী লীগের দায়েরকৃত একটি মামলার আসামী হলেও, জনকল্যাণমূলক ও রাজনৈতিক কার্যক্রমে তার পদচারণা থেমে যায়নি। তিনি মঠবাড়িয়া থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় নির্দেশনায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, জাকির গাজী মঠবাড়িয়ায় ১০,০০০ বনজ ও ফলজ গাছের চারা রোপণ, খেটে খাওয়া গাড়ি চালকদের জন্য পৌর টোল নিজ অর্থায়নে প্রদান, এবং দরিদ্রদের জন্য বার্ষিক ঈদ উপহার বিতরণ করেছেন।

    মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, “মঠবাড়িয়া সংসদীয় আসন পুনরুদ্ধারের জন্য দরকার একজন ক্লিন ইমেজের নেতা। জাকির গাজী সেই নেতার সব বৈশিষ্ট্য ধারণ করেছেন। তিনি পরোপকারী এবং মঠবাড়িয়াবাসীর কল্যাণে নিবেদিত।”

    স্থানীয় নেতা ও সমর্থকরা জানান, “বিগত আন্দোলনে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। মনোনয়ন পেলেই ধানের শীষ বিজয় নিশ্চিত।

    মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, “জাকির গাজীর নেতৃত্বে আমরা রাজপথে সফল আন্দোলনে অংশগ্রহণ করেছি। মনোনয়ন পেলে উন্নত মঠবাড়িয়া গড়ার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।”

    মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন মিয়া বলেন, “৫ই আগস্টের পরও তিনি নিজ অর্থায়নে টোলমুক্তি, বনায়ন কর্মসূচি ও দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেছেন। তার মনোনয়ন মানেই মঠবাড়িয়ায় ধানের শীষ বিজয় নিশ্চিত।”

    জানা গেছে, জাকির গাজী পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন পেতে কেন্দ্রীয় নির্দেশনায় ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করেছেন। মঠবাড়িয়ার নেতাকর্মীরা তার নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ এবং বিজয়ের আশায় উদ্দীপ্ত।

    বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, দলের দুর্দিনে দলের পক্ষে মাঠে থেকে কাজ করেছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ৩ (মঠবাড়ীয়া) আসনে দল যাকে মনোনয়ন দেবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।

  • পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

    পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

    পিরোজপুর প্রতিনিধি :

    পিরোজপুর পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ডের বাইপাস রানীপুর এলাকায় রোববার (১৯ অক্টোবর) রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাইপাস রানীপুর বাজারের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

    অগ্নিকাণ্ডে একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্টি মুরগি ও মুরগির খাবারের দোকান এবং একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস জানান, আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে।

    ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

    দূর্ঘটনার খবর শোনামাত্রই পৃথক পৃথক সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর এর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,পিরোজপুর এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,পিরোজপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদি।

  • পিরোজপুরে ছাত্রশিবিরের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ

    পিরোজপুরে ছাত্রশিবিরের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ

    পিরোজপুর প্রতিনিধি।

    ২০ অক্টোবর ‘২৫ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা কর্তৃত সরকারি সোহরাওয়ার্দী কলেজ অডিটোরিয়ামে এইচএসি ও স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা সভাপতি মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে সিলেবাসের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যবসায়, গবেষণার পাশাপাশি গুরুত্ব অনুধাবন করে খেলাধুলা, সুস্হ সংস্কৃতি চর্চা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এটি সামগ্রিক মেধা বিকাশে সহায়ক শক্তি। যে-কোনো প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা এবং সিনিয়রদের সহযোগিতা নিতে হবে। আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ন রাষ্ট্রগঠনের পূর্ব শর্ত হচ্ছে দক্ষ, যোগ্য, নৈতিক গুণসম্পন্ন মানবসম্পদ। আত্মমর্যাদাবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে।

    তিনি বলেন, পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের
    গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে জাতির সামনে যোগ্যতা ও সুনামের সাথে তুলে ধরতে হবে। মহান আল্লাহর অসীম রহমতে দেশের সর্বোচ্চ বিশ্বিবদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আস্হা রেখে তাদের নেতৃত্ব শিবিরের উপর ন্যস্ত করেছে। তাদের সেই বিশ্বাস শিবির সর্বোচ্চ যোগ্যতা, সততা ও দ্বায়িত্বশীলতার সাথে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শিবিরের মহিমান্বিত দাওয়াতী কাজ প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হবে। মেধা বিকাশে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগ তৈরির কাজে আমরা সহযোগিতা করবো।

    শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, সিট বানিজ্য, বড় ভাই কালচার, অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের অত্যাচার, শারীরিক ও মানসিক নির্যাতন, র‍্যাগিং, এবং যৌন হয়রানি বন্ধে শিবির প্রতিশ্রুতিবদ্ধ।

    শিক্ষাঙ্গন থেকে সকল অনিয়ম দুর করে মেধাবী শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ছাত্রীদের জন্য বোনের মর্যাদায় সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এ-ব্যাপারে সকল শিক্ষার্থীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

    ক্যারিয়ার গড়ার কোন বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে পিতা-মাতার প্রত্যাশা ও স্বপ্ন পুরনে কাজ করতে হবে। আমরা কাউকে শিবিরে যোগদানের দাওয়াত দিচ্ছি না। শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী এবং আদর্শ সম্পর্কে জানার অনুরোধ করছি।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শফিউল্লাহ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জেলা সেক্রটারী মিজানুর রহমান, সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ, কলেজ সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম। এ-সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রাজ্জাক, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • গলাচিপায় সাংবাদিকের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

    গলাচিপায় সাংবাদিকের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডে মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন অর রশিদের পারিবারিক জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী কাইয়ুম মাহমুদের বিরুদ্ধে। তবে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, রতনদী মৌজার চারটি দাগের মাধ্যমে সাংবাদিক হারুন অর রশিদের পিতা আপ্তার আলী হাওলাদার ১৯৮১ সালে নজরুল প্যাদাসহ ছয় ভাইবোনের কাছ থেকে ৪৮ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে ওই জমিতে দুটি বাড়ি রয়েছে এবং সেখানে সাংবাদিক হারুন অর রশিদের দুই ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও আবুল কাশেম বসবাস করছেন।

    হারুন অর রশিদসহ তিন ভাইয়ের নামে ৪৫ শতাংশ জমি দিয়ারা জরিপে (বিএস) অন্তর্ভুক্ত হয় এবং ২০২৩ সালের ৩০ জুলাই সেটেলমেন্ট প্রেস, ঢাকা কর্তৃক ১৬৩১ নম্বর খতিয়ান খোলা হয়। তবে অভিযোগ রয়েছে, জমির বিক্রেতা নজরুল প্যাদা জরিপ প্রক্রিয়ায় অনিয়ম করে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ জমি বাদ দেন। পরবর্তীতে নজরুল প্যাদার ছেলে সাবু প্যাদা ওই অংশের মধ্যে ৬ শতাংশ জায়গা ভরাট করে কাইয়ুম মাহমুদের কাছে বিক্রি করেন।

    এ ঘটনায় সাংবাদিক হারুন অর রশিদ গত ৪ জুন ২০২৫ তারিখে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের কাছে কাইয়ুম মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর গলাচিপা থানা পুলিশ বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশি বৈঠক করে, যেখানে কাইয়ুম মাহমুদকে আদালতের মাধ্যমে কাগজপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

    তবে অভিযোগ রয়েছে, কাইয়ুম মাহমুদ নির্দেশ অমান্য করে পুনরায় দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। রবিবার সকালে তিনি জোরপূর্বক জায়গাটি দখল করে ঘর নির্মাণ শুরু করলে সাংবাদিক হারুন অর রশিদ বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে গলাচিপা থানার এসআই কামাল ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

    এ বিষয়ে কাইয়ুম মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানায়, ঘটনাস্থলে বর্তমানে শান্তি ও শৃঙ্খলা বজায় রয়েছে