Category: বরিশাল বিভাগ

  • গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু

    গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের কচা নদী সংলগ্ন গাবখান চ্যানেলের সন্ধিস্থলে প্রস্তাবিত গাবখান দ্বিতীয় সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
    মঙ্গলবার(২৩ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল সম্ভাব্য সেতুস্থল পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদলে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান,কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি মো. শফিউল আজম দুলাল, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম রানা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকৃত এ সেতু নির্মিত হলে কাউখালী, নেছারাবাদ(স্বরূপকাঠি) ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
    এ বিষয়ে বিএনপি নেতা শফিউল আজম দুলাল বলেন, “নির্বাচনের আগে ও পরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। উপজেলা হাসপাতালের আধুনিকায়ন কার্যক্রমও এগিয়ে চলছে। গাবখান দ্বিতীয় সেতু বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতি,কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।”
    তিনি আরও বলেন,সেতুটি নির্মাণ হলে ব্যবসায়ীদের পণ্য পরিবহন সহজ হবে,শিক্ষার্থীদের যাতায়াতে সময় ও খরচ কমবে, কৃষিপণ্য ও কাঁচামাল দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
    পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

    কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি।  

    পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
    জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন সোমবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ মোস্তফিজুর রহমান পিনটু(৪০), পিতা- মৃত আলী আজগর হাওলাদার, সাং- মুক্তারকাঠি, কাউখালী, ২। মোঃ ফেরদৌস শিকদার(৩৯),পিতা- মৃঃ অলিউর রহমান, সাং- লক্ষী পুরা শিকদার বাড়ী ৩। মোঃ আলআমিন মুন্সী (৪০), পিতা- হাজী মাহাতাবউদ্দিন ওরফে ডালিম মুন্সী, সাং- লক্ষীপুরা মুন্সী বাড়ী,৪। প্রবীর কুমার বিশ্বাস (৩৭), পিতা- জহর লাল বিশ্বাস, সাং- কানুয়া ৫। মোঃ মিলন হোঃ রুবেল (৪০), পিতা-মোঃ কাঞ্চন আহমেদ, সাং-০২ নং ওয়াড কলেজ রোড,সর্ব থানা- ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর,৬। হৃদয় কুমার দাস(২৬), পিতা- মানিক কুমার দাস,সাং- মহিস কান্দী,থানা- কাঠালিয়া,জেলা- ঝালকাঠি।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
    গ্রেফতারকৃতদের ২৩ জুন মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

    কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন হাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
    মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩৮০ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন। অন্যদিকে কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ ছাত্রী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৭ জন। শুধু তাই নয়, দুটি বিদ্যালয়েই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক ও একাডেমিক চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষার গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
    শিক্ষক সংকটের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় থাকায় অভিভাবক মানববন্ধনে তাদের ক্ষোভ ও অসহায়ত্বের কথা তুলে ধরেন।
     ছাত্র অভিভাবক এনামুল হক বলেন,
    আমরা অনেক আশা নিয়ে আমাদের সন্তানদের এই ঐতিহ্যবাহী সরকারি স্কুলে ভর্তি করিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখছি পুরো উল্টো চিত্র। ইংরেজি আর গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি শিক্ষক না থাকে, তবে বাচ্চারা কী শিখবে? শিক্ষকরা মাত্র ৪ জন মিলে শত শত ছাত্রকে কীভাবে সামলাবেন? আমরা অবিলম্বে প্রতিটি বিষয়ে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি, তা না হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার।
    সচেতন নাগরিক রফিকুল ইসলাম ও রাকিব তালুকদার বলেন,
    সরকারি স্কুলে যদি শিক্ষকের এই দশা হয়, তবে আমরা যাবো কোথায়? বছরের পর বছর প্রধান শিক্ষকের পদ ফাঁকা, বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই। একটা ক্লাস হলে পরের তিনটে ক্লাস ফাঁকা থাকে। শিক্ষার্থীরা স্কুলে গিয়ে শুধু শুধু সময় নষ্ট করে বাড়ি ফিরে আসছে। এভাবে চলতে থাকলে এই অঞ্চলের শিক্ষার হার এবং মান দুই-ই তলানিতে ঠেকবে।
     অনতিবিলম্বে এখানে পর্যাপ্ত শিক্ষক পদায়ন করতে হবে।
    কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার শিক্ষক সংকটের সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সীমিত জনবল দিয়ে এত শিক্ষার্থী সামলানো অসম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
    এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি আমাদের সম্পূর্ণ জানা আছে। শূন্য পদের হালনাগাদ তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষক পদায়ন ও দ্রুত বদলির মাধ্যমে এই সংকট নিরসনের প্রক্রিয়া চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা এর সুফল পাবে এবং সমস্যার সমাধান হবে।
    মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সচেতন নাগরিক রফিকুল ইসলাম, রাকিব তালুকদার, জাহিদুর রহমান ফিরোজ, প্রাক্তন শিক্ষার্থী নাঈম হোসেন এবং শিক্ষার্থী সুমন কর্মকারসহ অনেকে।
  • কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার(১৮ জুন)পরিচালিত অভিযানে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই মো: মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

    গ্রেফতারকৃতরা হলেন শিয়ালকাঠি এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো: শফিকুল ইসলাম (২৩), পিতা খলিলুর রহমান এবং মো: ইমরান হাওলাদার (৩০), পিতা দুলাল হাওলাদার।

    আটককৃতদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

  • কাউখালীতে কিস্তিতে ক্রয়কৃত ওয়ালটন পন্যের পাওনা টাকা পরিশোধ ছাড়াই উল্টো গ্রাহকের পরিবার পেল সুরক্ষা সহায়তা

    কাউখালীতে কিস্তিতে ক্রয়কৃত ওয়ালটন পন্যের পাওনা টাকা পরিশোধ ছাড়াই উল্টো গ্রাহকের পরিবার পেল সুরক্ষা সহায়তা

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী এ মানবিক কাজের আয়োজন করেন কাউখালী ওয়ালটন প্লাজা।

    ১৭ই জুলাই(বুধবার) বিকাল ৪ ঘটিকার সময় কাউখালী বাস স্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজার অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মোঃ নুরুজ্জামান তালুকদার, ২৯ হাজার টাকা মূল্যে কিস্তিতে একটি ওয়ালটন মোবাইল ফোন ক্রয় করে, ২৫ হাজার টাকা পরিশোধ করে আকষ্মিক মৃত্যু বরন করেন। কিন্তু মৃত গ্রাহকের পরিবারের কাছে ওয়ালটনের “কিস্তি ক্রেতা সুরক্ষা” কার্ড থাকায় ক্রয়কৃত পন্যের বাকী ৪ হাজার টাকা না নিয়ে উল্টো গ্রাহকের পরিবারের হাতে নগদ ৪৬ হাজার টাকা আনুষ্ঠানিক ভাবে প্রদান করেন, ওয়ালটন কতৃপক্ষ।
    উল্লেখ্য ২০২২ সাল থেকে দেশের একমাত্র ইলেকট্রনিকস সামগ্রীর প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ালটন,তাদের গ্রাহকদের এ সুবিধা দিয়ে যাচ্ছেন। ওয়ালটনের পন্যে ক্রয়কারী গ্রাহকের মৃত্যুতে সর্বনিম্ম ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত,তাদের ক্রয়কৃত পন্যের মূল্যের উপর আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। একই সঙ্গে মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্য সহায়তাসহ পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থাও করা হয়।
    এছাড়াও ওয়ালটনের এই বিশেষ সুবিধার আওতায় নগদ ও কিস্তিতে পণ্য ক্রয়ে বিভিন্ন অফারের পাশাপাশি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার,শিক্ষা প্রতিষ্ঠান,রিসোর্ট ও সুপার শপে বিশেষ ডিসকাউন্ট,প্লাজাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবাও প্রদান করা বলে জানা গেছে।
    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন,  ওয়ালটন কর্পোরেট অফিসের কাস্টমার রিলেশন বিভাগের ইনচার্জ নাহিদ ইসলাম,বরিশাল ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান এবং ওয়ালটন প্লাজা কাউখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইয়ামিন আহম্মেদ।
    এ অনুষ্ঠানে অতিথি কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা   মোঃ আনোয়ার হোসেন বলেন,এ ধরনের মানবিক উদ্যোগ সমাজ এবং এই কোম্পানির প্রচার ও প্রসারের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয়।
    ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান বলেন,ওয়ালটন শুধু পণ্য বিক্রিই করে না,গ্রাহক ও তাদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণের বিষয়েও গুরুত্ব দেয়।
    ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং গ্রাহকবান্ধব সেবা আরও সম্প্রসারিত করা হবে।

  • কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

    কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলায় মাদক,অনলাইন জুয়া,কিশোর গ্যাং দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
    কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) মোঃ এবাদ আলীর নেতৃত্বে গত ১৩ই জুন(শনিবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ইকোপার্ক,কালী মন্দির, খাদ্য গোডাউন, কুমিয়ান আবাসন,ইটভাটা ও আমরাজুড়ী নদীর পাড়ে পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    এ সময় অভিযানে সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চালানো হয়।
    জানা গেছে,গত ৮ জুন কাউখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন।

    দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন,পিরোজপুর-২ আসনের মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন মহোদয় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাউখালী উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই,ইভটিজিং,কিশোর গ্যাং, অনলাইন জুয়া,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে কাউখালী থানা পুলিশ।
    এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে দলবদ্ধ হয়ে আড্ডা দিলে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
    তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সাধারণ জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় হয়ে কাজ করার আহ্বান জানান।
    স্থানীয় বাসিন্দারা পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান শুরু হওয়ায় অপরাধপ্রবণ কর্মকাণ্ড কমবে বলে আশা করেছেন। প্রতিনিয়ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকলে কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করেছেন।
    পরিচালিত বিশেষ পুলিশি মহড়া ও অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

  • কাউখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন

    কাউখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর তীরে সোনাকুর ফেরিঘাট, গন্তব্য ও হরিণধারা এলাকায় নদীভাঙন রোধে জরুরি প্রতিরক্ষা কাজের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধন করেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রাশেদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
    এ সময় নদীভাঙন কবলিত এলাকার শত শত মানুষ অনুষ্ঠানে অংশ নেন এবং দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান।
    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সন্ধ্যা নদীর পশ্চিম তীরে তিনটি স্পটে মোট ২৬০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ফেলা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। কাজ সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকিতে থাকা ফেরিঘাট, খেয়াঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
    ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন,
    সন্ধ্যা নদীর ভাঙন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকাবাসীর দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে এই প্রতিরক্ষা কাজের ব্যবস্থা করা হয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
    কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, নদীভাঙনের কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে ছিলেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সুরক্ষিত হবে। উপজেলা প্রশাসন কাজের অগ্রগতি ও মান নিয়মিত পর্যবেক্ষণ করবে।

    পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রাশেদ খান বলেন,জরুরি প্রতিরক্ষা কাজের আওতায় তিনটি স্পটে জিও ব্যাগ স্থাপন করা হবে। নদীর স্রোত ও ভাঙনের প্রবণতা বিবেচনায় নিয়ে কারিগরি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে আমরা কাজ করছি।

    অত্র এলাকার বাসিন্দারা জানান,
    আমাদের বাড়ির খুব কাছ পর্যন্ত নদী চলে এসেছে। এই প্রতিরক্ষা কাজ সম্পন্ন হলে অনেক পরিবার নিরাপদে থাকতে পারবে।
    উল্লেখ্য, কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র নদীভাঙন অব্যাহত থাকায় স্থানীয় জনগণ কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

  • শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান–উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআসাদুজ্জামান

    শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান–উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআসাদুজ্জামান

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “মেধা,বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে, সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম প্রদর্শনীর শুভ উদ্ভোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

    এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান। কোনো আইডিয়াই ছোট নয়। একটি ছোট ধারণাও ভবিষ্যতে বড় আবিষ্কারে রূপ নিতে পারে। বিজ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

    ১২ জুন(শুক্রবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদের শাপলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন,এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম(EESS) এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

    অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।

    তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা লব্দ জ্ঞান এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই গড়ে উঠতে পারে আগামীর সম্ভাবনার বাংলাদেশ।

    বিশেষ অতিথি কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদকাশক্তি ও অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশে এমন আয়োজন ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে।
    আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীরা নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণা স্টল প্রদর্শন করেন।
    এর মধ্যে ছিল কার্বনভিত্তিক প্রকল্প,ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম,প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন,বায়োগ্যাস প্লান্ট।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাজীব ভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ ।

    প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও প্রদান করা হয়।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কেউন্দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ শামসুর রহমান মিজান

  • বিজিবি-তে কাউখালীর কৃতি সন্তান জহিরের অফিসার পদে কমিশন লাভ

    বিজিবি-তে কাউখালীর কৃতি সন্তান জহিরের অফিসার পদে কমিশন লাভ

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কৃতি সন্তান মোঃ জহিরুল ইসলাম প্রিন্স বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে সহকারী পরিচালক হিসেবে অফিসার পদে পদোন্নতি পেয়ে কমিশন লাভ করেছেন।

    গত বৃহস্পতিবার (১১ জুন) বর্ডার ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ডার তাকে ব্যাচ রাঙ্ক পরিয়ে দেন।
    উল্লেখ্য মোঃ জহিরুল ইসলাম প্রিন্স ২০০৭ সালে সৈনিক পদে যোগদান করেন। ইতোমধ্যে পেশাগত দক্ষতা ও মেধার মাধ্যমে তিনি সহকারী পরিচালক নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

    তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী ও বর্ডার গার্ড সেন্টার এন্ড কলেজ থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেন।

    আত্মপ্রত্যয়ী ও বিনয়ী মোঃ জহিরুল ইসলাম প্রিন্স পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামের মোঃ হারুন অর রশিদ ও নুরুন্নাহার বেগম দম্পতির একমাত্র পুত্র। ব্যক্তিগত জীবনে মোঃ জহিরুল ইসলাম প্রিন্স বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার পক্ষ থেকে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার পক্ষ থেকে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

    কাউখালী উপজেলা প্রতিনিধি:

    পিরোজপুরের কাউখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার, ১২ জুন ২০২৬ সন্ধ্যায় কাউখালী থানা কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ফুলের তোড়া প্রদান করে তাকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    সাক্ষাৎকালে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় সাংবাদিক ও পুলিশের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কাউখালী থানার নতুন ওসির সফলতা কামনা করেন।

    নবনিযুক্ত ওসি সাংবাদিকদের শুভেচ্ছা গ্রহণ করে বলেন, জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

    এসময় সাংবাদিক নুরুল হুদা বাবু, মেহেদী হাসান,গাজী আনোয়ার হোসেন,কাজী শাহাদাত হোসেন,মোঃ সাইয়েদুল কবীর বশীর, মোঃ নুরুজ্জামান খোকন, মোঃ হাবিবুর রহমান,সুজন আইচ উপস্থিত ছিলেন।