রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন শুরু

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ (২২ জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব।

সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বলেন, “আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এমন এক মঞ্চে সমবেত হয়েছি, যা বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র, রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত। কবিগুরুর ১৬৫তম এবং জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী একসঙ্গে উদযাপনের এ আয়োজন আমাদের জন্য বিশেষ গৌরবের। এ উৎসবে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১০টা ১৫ মিনিটে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ রবীন্দ্র মেলার উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। এতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিক সরকার।

বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা” শীর্ষক সেমিনার। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

সেমিনার শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টির নানা দিক তুলে ধরেন।

উল্লেখ্য, আগামীকাল ২৩ জুন সকাল ১০টা থেকে পুনরায় শুরু হবে রবীন্দ্র মেলা। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে “নজরুলের দেশপ্রেম ও বিশ্বমানব-দর্শন: আন্তর্জাতিক প্রেক্ষাপট” শীর্ষক সেমিনার। এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিশিষ্ট নজরুল গবেষক আবদুল হাই শিকদার।

এদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *