মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার।

মিরপুর, ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: মিরপুরে গুলিবর্ষণের শিকার বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবিদ্ধের ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংদের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করতে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে মিরপুর গোলচক্কর এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রান্ত পারভেজের ওপর সংগঠিত গুলিবিদ্ধের ঘটনা সারাদেশের সাংবাদিকদের ভাবিয়ে তুলেছে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় আমাদের মানববন্ধন সমাবেশ করে বিচার দাবি করতে হচ্ছে। এ পেশায় নিত্য নতুন করে সাংবাদিক হত্যা, নির্যাতন কিংবা গুলিবর্ষণের মত স্পর্শ কাতর ঘটনা যুক্ত হচ্ছে। অথচ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আমাদের রাষ্ট্র যন্ত্রের কোনো মাথা ব্যথা নেই। সরকার আসে আবার চলে যায়, জোয়ার ভাটার মত। মিরপুরের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা গোটা দেশের সাংবাদিকদের ভাবিয়েছে। কিন্তু আমাদের সরকারের কিছু যায় আসে না। দেশের সরকার গুলো যেন রোবটের মত। ৭১’র পরবর্তী কোনো সরকার সাংবাদিকদের জন্য কল্যাণকর আইন প্রণয়ন করেনি। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গুলিবর্ষণের শিকার সাংবাদিক প্রান্ত পারভেজ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাব সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার, মোশাররফ হোসেন মনা, ভুইঁয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদ প্রমূখ।

উপস্থাপনায় ছিলেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *