কাপ্তাইয়ে শিক্ষক নুর জামালের ‘স্বপ্নবাহক’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

কাপ্তাই প্রতিনিধি।
শিক্ষকতার অভিজ্ঞতা, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিখন কৌশল ও শিক্ষার্থীদের মনোজগৎ নিয়ে কাপ্তাই উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুর জামালের রচিত গল্পগ্রন্থ ‘স্বপ্নবাহক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টায় রাঙামাটির কাপ্তাইয়ের নিসর্গ রিভারভ্যালিতে কাপ্তাই উচ্চবিদ্যালয় শিক্ষক পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক কাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, চিৎমরম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশীদ, কেপিএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, মাদ্রাসার সুপার আবুল কাশেম, কাপ্তাই শিশুনিকেতন স্কুলের প্রধান শিক্ষক রেহেনা আক্তার রেখা, কেআরসি স্কুলের প্রধান শিক্ষক নুরনাহার বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

বক্তারা বলেন, শিক্ষকতা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ গঠনেও শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা ও শ্রেণিকক্ষের বাস্তবতাকে গল্পের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। ‘স্বপ্নবাহক’ বইটি শিক্ষক সমাজের অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষার্থীদের মনোজগৎ বুঝতে সহায়ক হবে।
লেখক মো. নুর জামাল বলেন, শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষার্থীদের সঙ্গে পথচলা এবং শ্রেণিকক্ষের নানা উপলব্ধি থেকেই ‘স্বপ্নবাহক’ রচনার অনুপ্রেরণা পেয়েছেন। নিজের অভিজ্ঞতা ও ভাবনাগুলো গল্পের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে মাহবুব হাসান বাবু বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতেও শেখান। ‘স্বপ্নবাহক’ সেই স্বপ্ন ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বইটি লেখক তাঁর মা-বাবা এবং জীবনের পথপ্রদর্শক শ্রদ্ধেয় শিক্ষক ও গুরুজনদের উৎসর্গ করেছেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গুণীজনেরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *