গোলাম আজম ইরাদ ,ঢাকা।
মানুষের জীবনে ভালো মানুষ হওয়ার জন্য উত্তম চরিত্র, সুন্দর আচরণ, বিনয়, ক্ষমাশীলতা ও পরোপকারের মানসিকতা অত্যন্ত জরুরি। শুধু সত্য ও ন্যায়ের পথে থাকাই যথেষ্ট নয়, বরং নিজের আচরণে যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়, সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মালিবাগের বাইতুল আজিম শহীদী জামে মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবার আলোচনায় এসব কথা বলেন মুফতি শাহজালাল।
তিনি বলেন, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে তাকওয়া ও উত্তম চরিত্রের গুরুত্ব তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি হকের ওপর থেকেও ঝগড়া-বিবাদ পরিহার করে, তার জন্য জান্নাতে একটি ঘরের সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, এমনকি ঠাট্টার ছলেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি ঘরের সুসংবাদ রয়েছে। আর যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘরের সুসংবাদ রয়েছে।
তিনি আরও বলেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় উত্তম চরিত্রের ওজন অত্যন্ত ভারী হবে। প্রকৃত ভালো মানুষ তিনিই, যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। যার আচরণে কেউ কষ্ট পায় না, বরং মানুষ তার কাছ থেকে উপকৃত হয়। মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা, বিনয়ের সঙ্গে আচরণ করা এবং কাউকে কষ্ট না দেওয়া উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
মুফতি শাহজালাল বলেন, আমাদের পরস্পরের প্রতি ক্ষমাশীল হতে হবে। রাগ ও অহংকার পরিহার করে সব ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাঁর জীবনাদর্শ অনুসরণ করেই আমাদের উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, মানুষের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে অনেকের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের ওপর প্রাধান্য দেওয়া, প্রতিবেশীর খোঁজখবর রাখা এবং মানুষের অধিকার যথাযথভাবে আদায় করা একজন ভালো মানুষের পরিচয়। অথচ আমরা অনেক সময় প্রতিবেশীর হক আদায় করি না, তাদের বিপদে-আপদে খোঁজখবরও রাখি না। এটি উত্তম চরিত্রের পরিচায়ক নয়।
আলোচনায় তিনি সাহাবিদের পারস্পরিক ত্যাগ, সহমর্মিতা ও পরোপকারের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, অন্যের কল্যাণে নিজেদের প্রয়োজন বিসর্জন দেওয়ার শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে, রাগ করে বা কঠোর ভাষায় কাউকে আঘাত করা যাবে না।
পরিশেষে তিনি সবাইকে তাকওয়া অর্জন, উত্তম চরিত্র গঠন, মানুষের হক আদায়, ক্ষমাশীলতা, প্রতিবেশীর খোঁজখবর রাখা এবং পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply