Blog

  • ওসমান হাদি স্মৃতি মঞ্চ এর উদ্যোগে ঝালকাঠিতে মানববন্ধন

    ওসমান হাদি স্মৃতি মঞ্চ এর উদ্যোগে ঝালকাঠিতে মানববন্ধন

    ঝালকাঠি প্রতিনিধি:

    ১১ মে সোমবার ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ওসমান হাদিস স্মৃতি মঞ্চ এর আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন,  বোন মাসুমা হাদি, ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ স্থানীয়রা।

    এসময় ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানেই “জুলাইয়ের পরাজয়” বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে।

    সোমবার (১১ মে) ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় “ওসমান হাদি স্মৃতি মঞ্চ”-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মাসুমা হাদি অভিযোগ করে বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে জুলাই আন্দোলনের যে চেতনা,ন্যায়বিচার ও জবাবদিহিতা,তা ব্যর্থ হয়ে যাবে।

    তিনি আরও বলেন, “এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার নয়, এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে নাকি হার মেনে নেবে সেই প্রশ্ন আজ সামনে এসেছে। জুলাই কি হেরে যাবে, নাকি মাথা উঁচু করে বাঁচবে, সেটাই এখন দেখার বিষয়।”

    মাসুমা হাদি আরও জানান, ওসমান হাদি স্মৃতি মঞ্চের ব্যানারে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি বলেন, “আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি। প্রয়োজনে শাহবাগ ব্লকেড কর্মসূচিও দেওয়া হবে। আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”

  • রান্নাঘর হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    রান্নাঘর হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রাইখালী ইউনিয়ন নারানগিরি বাসার সিলিং হতে উদ্বার হওয়া জালি অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

    সোমবার বিকাল সাড়ে পাঁচ টায় পাল্পউড বাগান বিভাগের লোকজন উদ্বার হওয়া অজগর সাপটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

    পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই সদর রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম দেওয়ান জানান,রাইখালী রেঞ্জ এলাকার নারানগিরি একজন প্রধান শিক্ষককের বাসার রান্নাঘরে সিলিংয়ে রাত ১০টায় সাপটি দেখতে পায় ঘরের লোকজন।পরে আমাদের খবর দেয়া হলে রাত ১১টায় বন বিভাগের লোকজন  অজগর সাপটি বাসা হতে  উদ্ধার করে।এবং পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের  দিক নির্দেশনায় বিকালে ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া অজগর সাপটি  অবমুক্ত করা হয়।এসময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।  বন  কর্মকর্তা আরও জানান, জাতীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

  • শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে আকছেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১৩৮ পিস নিষিদ্ধ ফেন্সিডিল এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আকছেদ আলী পৌর শহরের রূপপুর নতুনপাড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে।

    র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শফিক কামালের নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়ায় অভিযান চালায়। এ সময় আকছেদ আলীকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় রাখা ১৩৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    আজ সোমবার (১১ মে) সকালে গ্রেফতারকৃত আসামিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে শাহজাদপুর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, র‌্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    তিনি আরও জানান, শাহজাদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

    “মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসনের পক্ষ থেকে হেনস্তা এবং কিছু সাংবাদিকের ‘দালাল’ শব্দ ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

    উপজেলা মডেল ফারিয়ার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা শাহরিয়ার ইমন, উপদেষ্টা সোহেল রানা, উপজেলা মডেল ফারিয়ার সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রশিক্ষিত ও পেশাদার শ্রেণি। চিকিৎসা ও ওষুধসেবার মধ্যে সমন্বয় সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের প্রতি অবমাননাকর আচরণ ও অসম্মানজনক শব্দচয়ন অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

    তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন

  • কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা  নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার( ১১ মে) বিকালে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন বিদায় উদযাপন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  বিদায় উদযাপন পরিষদের  আহবায়ক কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেড পরিচালক খোরশেদুল আলম কাদেরি।

    কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি, শিক্ষক সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও সমুহের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  বক্তব্য রাখেন বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়,  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রবিউল হোসেন জহির,  জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনর রশীদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক হুমায়ুন কবির, হেডম্যান থোয়াই অং মারমা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

    বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, কাপ্তাইয়ে কর্মকালীন সময়ে আমি এখানকার সর্বস্থরের মানুষের সহযোগিতা পেয়েছি। কাপ্তাই উপজেলা পর্যটন শিল্পের জন্য একটা সম্ভাবনায় উপজেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানকার পর্যটন শিল্পকে বিকশিত করতে হবে। এছাড়া এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত আম সহ অন্যান্য ফলের উৎপাদন বাড়িয়ে উপজেলার অর্থনীতি সমৃদ্ধি করা যেতে পারে।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেণির সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল,সংগঠন,শিক্ষক, সাংবাদিক ও এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১১টায় রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার), (বিএআরআই অঙ্গ)এর অর্থায়ন করে।

    রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জিয়াউর রহমান।

    প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রোগাম ডাইরেক্টর ড. মো. ফারুক হোসেন। প্রধান অতিথি বলেন, ডধানের ফলন ঠিক রেখে সমগ্র বাংলাদেশে ২ লক্ষ হেক্টর জমিতে অন্যান্য ফলের উৎপাদন বাড়াতে এই প্রকল্প কাজ করছে। প্রকল্পের অধীনে কৃষকদের মাঠ দিবস এর মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করে তোলা হচ্ছে।

    বক্তব্য রাখেন কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো: এনায়েত শরীফ।
    উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে গবেষণা কেন্দ্রে বারি আম- ৪ এর বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে কৃষকদেরকে বারি আমের- ৪ এর উৎপাদন কৌশল, রক্ষানাবেক্ষন বিষয়ে ধারণা দেওয়া হয়।এসময় ৮০জন কৃষক মাঠ দিবসে অংশগ্রহণ করেন।

  • কাপ্তাইয়ে কোরবানির পশু’র  হাটে পাহাড়ি গরুর কদর বেশি

    কাপ্তাইয়ে কোরবানির পশু’র  হাটে পাহাড়ি গরুর কদর বেশি

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪নম্বর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আনন্দ মেলা মাঠে শুরু হয়েছে কোরবানি পশু ক্রয়বিক্রয়ের হাট। পবিত্র ঈদুল আজহার বাকিমাত্র কয়েক দিন ইতিমধ্যে শুরু হয়েছে পশু ক্রয়/বিক্রয় এর নানা প্রস্তুতি।

    পাহাড়ি গরুর কদর বেশি। সকলের  নজর পাহাড়ি পশুর দিকে। রবিবার কাপ্তাই নতুন বাজার আনন্দ মেলা মাঠে পশু হাটে গিয়ে দেখা যায় নানা রঙের গরু নিয়ে পসরা বসেছে। বেশির ভাগ গরু রাঙামাটি জেলার বিলাইছড়ি, জুড়াছড়ি, বরকল ও লংগদুসহ পাহাড়ি এলাকার আশপাশ হতে বেপারীরা বিক্রয়ের জন্য নতুন বাজার হাটে নিয়ে আসছে। গরু ব্যবসায়ী রমজান আলী জানান, কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ার ফলে পাহাড় থেকে গরু আনতে খুব কষ্ট হচ্ছে। গরুর দাম কেমন জানতে চাইলে তিনি জানান এবার  একটু বেশি। কারন জানতে চাইলে তিনি জানান,বিভিন্ন জিনিস পত্র  ও দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পাশাপাশি গরুর দামও একটু বেশি বলে উল্লেখ করেন।

    চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা থেকে গরু ক্রয় করতে আসা  আব্দুল মান্নান ও ইলিয়াস জানান, আমরা পাহাড়ি গরু কিনতে আসছি। কারন পাহাড়ি গরু ন্যাচারাল খাবার খায়। চর্বি কম এবং মোটাতাজা। পাহাড়ি গরুর তেমন একটা অসুস্থ হয়না। বা এসকল গরুকে ইনজেকশন দিয়ে মোটাতাজা করা হয়না। যার ফলে পাহাড়ি গরুর কদর  সকলের কাছে বেশি। গরু বিক্রয় করতে আসা মামুন, নফর আলী, বাবু ও করিম জানান,আমরা কয়েকজন মিলে গরুর খামার করেছি এবং এবার খামারের গরু হাটে বিক্রয়ের জন্য আনছি।তাদের  এক একটা গরু দেড় লাখ হতে দু’লাখ টাকা হাকা হচ্ছে। সামান্য কিছু লাভ হলে ছেড়ে  দিবে বলে জানান। ব্যবসায়ী আবুল কালাম জানান, পাহাড় থেকে বেশির ভাগ পশু পাশ্ববর্তী উপজেলা, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রামে ছোট, বড় গাড়িতে নেয়া হচ্ছে।

    কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডক্টর এনামুল হক হাজারী জানান, কাপ্তাই উপজেলায় এবার ২০২৬ সালে  কোরবানির ঈদের মোট পশুর  চাহিদা ৬হাজার ২শ’,উদ্বৃত্ত আছে এক হাজার ১৭৭টিরমত। তিনি আরও জানান,উপজেলা প্রাণী সম্পাদের পক্ষ হতে পশু পরীক্ষা -নিরিক্ষার জন্য কাপ্তাই নতুন বাজার আনন্দ মেলা গরুর হাটে ঈদের ৪/৫দিন আগে মেডিকেল টিম থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এবং জাল টাকার বিষয়ে সচেতনামূলক কাজ করবে বলে জানান।

  • পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ

    পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    পাবনার চাটমোহরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ ও প্রস্তুতকৃত ভেজাল দুধ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    শনিবার (৯ মে ২০২৬) সকাল ৭টা ২০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক পাবনার নির্দেশনায় এবং জেলা এনএসআই, পাবনার সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

    অভিযানে আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় সেখান থেকে ১২ ড্রামে সংরক্ষিত প্রায় ৫৭০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো তরল পদার্থ এবং বিপুল পরিমাণ প্রস্তুতকৃত নকল দুধ উদ্ধার করা হয়।

    ঘটনাস্থল থেকে আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামাণিককে আটক করা হয়েছে। একই ঘটনায় আব্দুল মোমিন, আল আমিন, আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    অভিযান চলাকালে এনএসআইয়ের একজন উপ-পরিচালকসহ সংস্থাটির অন্যান্য সদস্য, স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, গত কয়েকদিন ধরে এনএসআই গোপনে নকল দুধ তৈরির বিষয়টি অনুসন্ধান করে আসছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন ও এনএসআইয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : ইকবাল হাসান মাহমুদ টুকু

    রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : ইকবাল হাসান মাহমুদ টুকু

    আবু মোহাম্মদ মঈন উদ্দিন মিঠু। 

    ‘রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।’

    শুক্রবার (২৫ বৈশাখ) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান স্মরণ করে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, কবি এখানে (শাহজাদপুর) বসেই বহু গান, কবিতা ও গল্প রচনা করেছেন।

    রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। তাই এই দিনে আমরা বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথকে স্মরণ করি।

    সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

    ২৫-২৭ বৈশাখ তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে কাছারিবাড়ি ও অডিটোরিয়ামে সংস্কার, আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে।

    ঐতিহাসিক সূত্রে জানা যায়, একসময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি ক্রয় করেন।

    পরে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির জন্য রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে আসতেন ও এখানে অবস্থান করতেন।

    এই কাছারিবাড়িতে বসেই তিনি ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালী’, ‘কল্পনা’র মতো কাব্যগ্রন্থ এবং ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘সমাপ্তি’, ‘অতিথি’, ‘ক্ষুধিত পাষাণ’-এর মতো বিখ্যাত ছোটগল্প রচনা করেন।

    পাশাপাশি ‘ছিন্নপত্রাবলী’র বিভিন্ন অংশ ও ‘বিসর্জন’ নাটকেরও কিছু অংশ এখানে রচিত হয়।

    রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে অডিটোরিয়াম ও মিউজিয়ামে সংস্কার ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য সবকিছু উন্মুক্ত রাখা হয়েছে।

    শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার পাশাপাশি রবীন্দ্র মেলারও আয়োজন করা হয়েছে।

    দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

  • কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে আহত- ৪

    কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে আহত- ৪

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বিজিবি ফটকের সামনে সিএনজি ও মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

    শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ৪১ বিজিবি ফটকের  সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    থানা সুত্রে জানাযায়  যাত্রিবাহী একটি  সিএনজি উপজেলা সদর  বরইছড়ি এলাকা হতে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি জিকসার ১৫০ সিসি মোটরসাইকেল কাপ্তাই হতে লিচুবাগান এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে  দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এসময় দুর্ঘটনায় সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

    আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর জখমপ্রাপ্ত হয়েছে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি । তার ডান হাত ভেঙে যায় এবং গলায় কেটে যায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি) জানান  দুর্ঘটনার পর কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে।