কাপ্তাই প্রতিনিধি।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
একই সাথে অতিবৃষ্টির কারণে এই এলাকায় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বিধায় স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪১ বিজিবি পক্ষ থেকে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়।
এই মেডিকেল টিম মঙ্গলবার ( ১৪ জুলাই ২০২৬) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াগ্গা এলাকায় বসবাসরত স্থানীয় দুস্থ, হতদরিদ্র ও অসহায় প্রায় ২৪৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
এ সময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন। তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ওয়াগ্গাছড়া জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি দূর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।