কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা কলম শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এবছর আশ্রমের পক্ষ থেকে কাউখালী সহ দেশের ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পাঁচ হাজারের অধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম তুলে দেন।
এসময় প্রধান শিক্ষক সুব্রত রায়, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বদরুদ্দোজা মিঞা সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ , শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে শ্রীগুরু সঙ্ঘ আশ্রম প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে আশ্রমের পক্ষ থেকে প্রতি বছর এ উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্রম কর্তৃপক্ষ জানান।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং তাদের অভিভাবকরা আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবিরসহ নানা সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।