কাউখালীতে আমরাজুরি ফেরি চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী উপজেলার সঙ্গে পিরোজপুর জেলা শহর এবং নেছারাবাদ উপজেলার সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম আমরাজুরি ফেরিঘাট।

ফেরিঘাটের গ্যাংওয়ের ডালা দেবে যাওয়ায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা।
ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, ট্রলারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার পাশাপাশি মোটরসাইকেল ও অটোরিকশার মতো ভারী যানবাহনও পারাপার করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেরামতের জন্য কারিগরি দল ঘটনাস্থলে আসছে এবং রাতের মধ্যেই ফেরি চলাচল স্বাভাবিক করার জোরালো প্রচেষ্টা চলছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি তারা নজরদারিতে রেখেছেন। ট্রলারে অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *