বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,
“সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দক্ষিণ বাজারের উপশম ফার্মেসীতে অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জনগণের নিরাপদ চিকিৎসাসেবা ও ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ রোধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply