কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে “বাল্য বিবাহকে না বলি,সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী ও চেক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১৬ই এপ্রিল(বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকার সময়,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কাউখালী শাখার আয়োজনে,উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা বাস্তবায়ন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া,৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবিব মিলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষার প্রতি মনোযোগী হয়ে নিজেদের দক্ষ করে তোলারও কোন বিকল্প নেই। শিক্ষাজীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব।
জানা যায় এ প্রকল্পের আওতায় একজন উপকারভোগী ২০০ টাকা সঞ্চয় করলে সরকার অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করছে, যা দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা জানান, এ ধরনের কর্মসূচি তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তোলার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ৮ জন শিক্ষার্থীকে চেক প্রদান ও ২৬ জন পরীক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে কলম,স্কেল ও ফাইল বিতরণও করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রকিব হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *