কিশোরগঞ্জ প্রতিনিধি।
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়। দাবি আদায়ে সকলকে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ৫৫ বছরে অনেক তালবাহানা আমরা দেখেছি। শুধু বুলি আউড়ানো সাংবাদিকদের জন্য রাষ্ট্র যন্ত্র কিছুই করেননি। তিনি রবিবার দুপুরে কিশোরগঞ্জে একটি অভিজাত রিসোর্টের হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মিলনমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। ডিসেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন সহ পেশার জন্য দরকারি আইন পাস করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধের বিকল্প কোনো পথ খোলা নেই। রাষ্ট্র যন্ত্র সাংবাদিকদের সঙ্গে যা ইচ্ছে তা-ই করছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় রাষ্ট্র কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারছেনা। ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারে কনডেম সেলে কারাবন্দী রাখার বিষয়ে ভাবছিলাম রাষ্ট্রের পক্ষ থেকে জানতে চাইবে। কিন্তু না, পরে বাধ্য হয়ে আমরা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের অবিচার-ঝুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখতে হবে। একজন সাংবাদিকের বিপদে যারা অট্টহাসি হাসে কিংবা প্রতিপক্ষকে ইন্ধন দিয়ে সহযোগীতা করে তাদেরকে রাক্ষুসে সাংবাদিক আখ্যা দিয়ে বয়কট করা হবে।
বক্তারা বলেন, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন সাংবাদিকরা। অথচ তাদের নিরাপত্তা, চিকিৎসা ও সামাজিক মর্যাদা এবং বেতন ভাতা নিশ্চিত হয় না। বিএমএসএফ সেই কারণেই সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।
বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল তার বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে দেশের কল্যাণে কাজ করতে আহ্বান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ কে নাসির খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শহিদুল ইসলাম পলাশ।
সংগঠনের জেলা শাখার সভাপতি হাকিম মুহা: ফজলুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।

Leave a Reply