৫ বারেও জামিন মেলেনি সাংবাদিক অরিত্র কুন্ডুর

স্টাফ রিপোর্টার।

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ খ্রী: ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলায় আটক সাংবাদিক অরিত্র কুমার কুন্ডুর জামিন পঞ্চম বারের মতো নামঞ্জুর হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে ২৯ অক্টোবর, ৪ নভেম্বর, ৮ নভেম্বর ও ১১ নভেম্বরসহ মোট ৫ বার তার জামিন আবেদন খারিজ করা হয়েছে।

বিনা চিকিৎসায় কারাবন্দী সাংবাদিক অরিত্র কুন্ডুর পায়ে আঘাতের স্থানে ব্যথা ও ক্ষত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দীর্ঘ ৮-১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় আঘাত পাওয়া পায়ে এবার সংবাদ সংগ্রহকালে মব সৃষ্টি করে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত অরিত্র কুন্ডু গত ২৬ অক্টোবর ঝিনাইদহে ড্রেন প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহকালে হয়রানি ও মব-নির্যাতনের শিকার হন। পরে তার বিরুদ্ধে ৩৮৫/৩৮৬ ধারায় ৪৭ ও ৪৮ নম্বর দুটি মামলা দায়ের করা হয়।

মামলার পর থেকে তিনি ঝিনাইদহ কারাগারের কনডেম সেলে বন্দি রাখা হয়েছিলো। মামলার বিচারাধীন আসামিকে কনডেম সেলে রাখা কারা বিধি পরিপন্থী বলে অভিযোগ ওঠায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়।

এদিকে সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর জুলুম-হয়রানির বিরুদ্ধে এবং তার মুক্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গত ১২ নভেম্বর আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি হাইকোর্টে রিট পিটিশন (রিট নম্বর ১৯৯৭৫) দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার সাংবাদিককে মিথ্যা মামলায় আটকে রাখা সংবাদকর্মীদের কণ্ঠরোধের চক্রান্ত। সরকারের নিকট অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *