কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে রবিবার (২২ নভেম্বর) বিকেলে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
রবিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত পথসভায় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির সভাপতিত্ব করেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত হোসেন।
বক্তারা যেকোনো ধরনের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
মিছিল শেষে পথসভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, যেকোনো মূল্যে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের অপচেষ্টা রুখে দেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply