গাজীপুরে সাউন্ড গ্রেনেডে আহত সাংবাদিকের চিকিৎসা এবং ক্ষতিপূরণ দিতে হবে : বিএমএসএফ

বিশেষ প্রতিনিধি।

গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের ছোঁড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন ঢাকায় কর্মরত দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, বারবার পুলিশের গুলিতে কেবলই সাংবাদিকরা আহত হবেন আর তাদের বিচার হবে না, এটা হতে পারে না। এ ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে আহত সাংবাদিকের নিরাপত্তা ও সুচিকিৎসাসহ ক্ষতিপূরণ দিতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আহত সাংবাদিক মামুন হোসাইন অভিযোগ করেন, তিনি ঢাকা থেকে যাওয়া আরও কয়েকজন সাংবাদিকসহ একটি গলির ভেতরে অবস্থান করছিলেন। সেখানে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে। গ্রেনেডের বিকট শব্দে কানেও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নেতৃবৃন্দ আরও বলেন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। এটা সরাসরি সাংবাদিক নির্যাতনের শামিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আহত সাংবাদিক মামুন হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *