কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বিশেষ প্রতিনিধি‌।

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে উপজেলার কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বর্তমান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
তিনি আরও বলেন, অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত ও বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *