পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে শটগানসহ আটক ১

বিশেষ প্রতিনিধি। 

 পিরোজপুর সদর থানা ও কাউখালী থানার পুলিশের বিশেষ যৌথ অভিযানে অবৈধ ১২ বোর শর্টগান উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

রোববার (৭জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত মো. সজিব সরদার (২৫), পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকার মো. জাফর সরদ‍ারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. এবাদ আলী মোল্লার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ কাউখালীর শিয়ালকাঠি তালুকদারহাট বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ভান্ডারিয়া থেকে কাউখালী গামী একটি কালো রঙের মোটরসাইকেল (রেজি. নং- পিরোজপুর- হ-১১-৮৮১৪) আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে সজিব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শর্টগানের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে অস্ত্রটি তার বাড়ির নিকটবর্তী স্থানে লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউখালী ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ দল জুজখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সজিব সরদারের বসতঘরের পূর্ব পাশে এনায়েত মীরের সুপারি বাগান থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি কালো রঙের ১২ বোর শর্টগান উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আটক সজিব সরদারের বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এ অভিযানে একটি ১২ বোর শর্টগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *