মোঃ মেহেদী হাসান, কাউখালী।
সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মশার বংশবিস্তার রোধ,ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই অভিযানের মূল উদ্দেশ্য।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের নেতৃত্বে,২৬শে সেপ্টেম্বর(শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে, দক্ষিণ বাজার ও তার আশে পাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা কোনো একদিনের কার্যক্রম নয়,এটি একটি চলমান প্রক্রিয়া। উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না। বিশেষ করে ময়লার স্তূপ,ঝোপঝাড় ও পানি জমে থাকে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
একইসাথে বাজারের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা সহ জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে, ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী বলেন,ডেঙ্গু প্রতিরোধে বাজার কমিটি ও স্থানীয় যুবসমাজের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারের ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগও চলমান থাকবে।
অভিযানকালে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লার স্তূপ, ঝোপঝাড় ও পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। নিজ নিজ বাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বানও জানানো হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,জনপ্রতিনিধি,গ্রাম পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave a Reply