কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামালসহ আটক দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে বিজিবির হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দেড় শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায় বলে জানিয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় মালামালসহ দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য তাদের রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে দেড় শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বিজিবির হেফাজতে থাকা দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
.

Leave a Reply