পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই এলাকার মরহুম কেরামত আলীর স্ত্রী ও তার বাবার নাম আফজাল হোসেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিনতে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে বাড়ির পেছনের দিকে গিয়ে ঘরের ভেতরে খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও এলোমেলো অবস্থায় ছিল।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল ও কাউখালী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিআইডির কারিগরি দল অপরাধের আলামত সংগ্রহ করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া ও মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply