মোঃ মেহেদী হাসান, কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে হাম রোগের লক্ষণ,প্রতিরোধ ও করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা এপ্রিল(বুধবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন,হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। হাম হলে সাধারণত জ্বর,সর্দি-কাশি,চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং কয়েক দিনের মধ্যে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে শিশুদের নিউমোনিয়া,ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতা দেখা দিতে পারে,যা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করলে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই তিনি অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের টিকা প্রদান এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শও দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান। তিনি মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের জনগণের মাঝে হাম সম্পর্কে সচেতনতা বাড়ানো, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সন্দেহভাজন রোগী শনাক্ত করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।