স্টাফ রিপোর্টার,মো: সবুজ হোসেন রাজা।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী চরে সফর করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। তাঁর এ সফর চরাঞ্চলের কৃষি উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যয়ে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরকালে তিনি “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় আয়োজিত পাট ফসলের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চরাঞ্চলের কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা, উন্নত জাতের ফসলের চাষাবাদ এবং টেকসই কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে মহাপরিচালক প্রকল্পের আওতায় স্থাপিত পলিনেট হাউজ পরিদর্শন করেন। সেখানে উৎপাদিত বিভিন্ন ফসলের চারা ঘুরে দেখেন এবং কৃষক-কৃষাণীদের মধ্যে উন্নতমানের চারা বিতরণ করেন।
সফরের অংশ হিসেবে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”; মো. এ. কে. এম. মনজুরে মওলা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ; মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার, শাহজাদপুর; কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম ও ফারজানা ইয়াছমিন। এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুকনীর ব্রাহ্মণগ্রামের কৃষক লালচান মুন্সি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আমাদের এলাকায় এসেছেন, এতে আমরা খুবই আনন্দিত। তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আমাদের কৃষিকাজে অনেক সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাপরিচালক স্যার উপজেলার চরাঞ্চলের কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তাঁর এ সফরে শাহজাদপুর উপজেলা কৃষি অফিস অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।
প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করাই প্রকল্পের মূল লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলে কৃষির ব্যাপক উন্নয়ন ও সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, চরাঞ্চলের কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।
মহাপরিচালকের এ সফর ও দিকনির্দেশনা চরাঞ্চলের কৃষি উন্নয়নকে আরও গতিশীল করবে বলে উপস্থিত কৃষকরা আশাবাদ ব্যক্ত করেন।