সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। পরে অফিসার্স ক্লাবের হলরুমে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

আলোচনা সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোভার স্কাউটসের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ডিটিসি-এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান শাহীন, জেলার বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মকর্তা এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *