বিশেষ প্রতিনিধি।
পিরোজপুর কাউখালীতে উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কঁচা নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে বিপাকে পড়া জেলা ইজতেমাগামী ৪৫ থেকে ৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ ফোন করে জানানো হয়, বেকুটিয়া সেতুর দক্ষিণ পাশে পাঙ্গাশিয়া এলাকায় ইজতেমাগামী ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ট্রলারটি মাঝনদীতে ভেসে পড়ে এবং যাত্রীরা বিপাকে পড়েন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি। ট্রলারের চালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এ সময় ‘আল্লাহর দান’ নামের একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে বিপদে পড়া সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরে অবস্থিত নির্ধারিত ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। ট্রলারচালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করার পর দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। পরে বিকল্প ট্রলারের মাধ্যমে বিভিন্ন বয়সের ৪৫-৫০ জন ইজতেমাযাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply