মোঃ মেহেদী হাসান,কাউখালী।
পিরোজপুরের কাউখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭শে আগস্ট
(বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন, বর্তমানে কাউখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক ও স্বাভাবিক রয়েছে। বিশেষ করে মাদক,সন্ত্রাস,ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশি অভিযান ও কঠোর নজরদারিও অব্যাহত আছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির। তিনি বলেন, দীর্ঘ দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমানে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমনের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। যে কোনো অপরাধ দমনে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতাও করে আসছি। এ সময় তিনি কাউখালীর দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে দ্রুত বিদ্যালয়গুলোতে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের দাবি জানান বলে জানা যায়।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তার সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তিনি আরও জানান, উচ্চশিক্ষা গ্রহণ ও সরকারি নির্দেশনায় তাঁকে দেশের বাইরে যেতে হচ্ছে,ফলে এই উপজেলায় ইউএনও হিসেবে এটিই তাঁর শেষ আইনশৃঙ্খলা সভা। এ সময় তিনি আবেগআপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন কাউখালীবাসীর সেবা ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও প্রবাস যাত্রার জন্য উপস্থিত সকলের কাছে দোয়াও কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংলাপে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার,কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।