কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন, গানে গানে দ্রোহ-মানবতার বার্তা

কাপ্তাই প্রতিনিধি। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ‘নজরুল বর্ষ’-এর সাংস্কৃতিক আয়োজন।

সোমবার (৩১ আগস্ট) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিল্পীদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় নজরুলের অমর সৃষ্টি ‘চল চল চল’, ‘একি অপরূপ রূপে মা তোমায়’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো’। গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

পরে নজরুলের বিভিন্ন গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তুলে ধরা হয় কবির দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার দর্শন।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *