কাপ্তাই প্রতিনিধি:
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ১৫ লক্ষ ৪২ হাজার টাকার ঋণ বিতরণ এবং ১শ’ জনকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৬ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা করা হয়।
শেষে অতিথিরা সমবায়ীদের হাতে ঋণের টাকা এবং গাছের চারা তুলে দেন। উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এবং কাপ্তাই বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথমে খাল কাটা কর্মসূচী পালন করেছেন। পল্লী উন্নয়ন এর জন্য এটাই একটি অন্যতম উদ্যোগ। পল্লী উন্নয়ন এর জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি সকলের সমন্বিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী এবং কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, সমবায়ী নুর বেগম মিতা ও পারভিন আক্তার। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে একটি তথ্য চিত্র প্রর্দশন করা হয়।